আসবাবের যে শোরুমে চাইলে ঘুমানো যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসবাবের শোরুমে গিয়ে সাজসজ্জা দেখে কারও কারও মনে একটু বসে নেওয়ার বা শোবার ইচ্ছা জাগতেই পারে। কিন্তু সব ইচ্ছাই তো আর তাৎক্ষণিক পূরণ হয় না। কাজেই হয় পছন্দের আসবাবটি কিনে বাড়ি ফিরে সে ইচ্ছা পূরণ করতে হয়, নতুবা অপূর্ণই রেখে দিতে হয়। এ ক্ষেত্রে চীনের একটি আসবাবের শোরুম ব্যতিক্রমই বলা চলে। শুধু শুয়ে বা বসে নয়, আগত ব্যক্তি চাইলে শোরুমে কিছু সময় ঘুমিয়েও নিতে পারবেন। আর এ ক্ষেত্রে তাঁর ক্রেতা হওয়ার কোনো প্রয়োজন নেই।

চীনের সাংহাইয়ে গ্রীষ্মকালে খুব গরম পড়ে। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায় কখনো কখনো। এ সময়টায় নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক আসবাব বিপণন প্রতিষ্ঠান ইকিয়ার সাংহাইয়ের শোরুমগুলোয় একপ্রকার ভিড় পড়ে যায়। শীতাতপনিয়ন্ত্রিত এই শোরুমগুলোয় অনেককেই কিছু সময়ের জন্য বসে থাকতে দেখা যায়। কেউ কেউ তো ঘুমিয়েও পড়েন। কিছু লোক খাবারটাও সেরে নেন এখানে। কিন্তু স্থানীয়দের এসব কাণ্ডে একদমই আপত্তি নেই ইকিয়া কর্তৃপক্ষের।

দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। ইকিয়া কর্তৃপক্ষ আপত্তি না করে এসব মেনেও নিচ্ছে। তবে গত বছর থেকে প্রতিষ্ঠানটি একটি পরিকল্পনা এঁটেছে। সাংহাইয়ে আসবাব বিপণন প্রতিষ্ঠানটির জনপ্রিয় একটি ক্যাফেটেরিয়ায় ‘না খেলে বসা যাবে না’ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এরও একটি কারণ আছে। বহু বিপত্নীক কিংবা বিধবা অথবা বিচ্ছেদ হওয়া ব্যক্তির সঙ্গী খোঁজার বা পরবর্তী সঙ্গীর সঙ্গে দেখা করার পছন্দের জায়গা এটি।