বেতপল্লি হিসেবে পরিচিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের মগবান ও ঝগড়াবিল গ্রামের বেতের আসবাব এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। এই দুই গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবার বেতের আসবাব বানিয়ে সচ্ছলতার মুখ দেখেছে।
১৯৯২ সালে থাইল্যান্ড থেকে বেড়াতে আসা মেক মেরি নামের এক নারী মগাবান গ্রামের সুখময় চাকমাকে বেতের আসবাব তৈরিতে হাতেকলমে শিক্ষা দেন। সুখময় তাঁর কাছ থেকে বেতের কাজ শিখে শুরু করেন আসবাব তৈরির কাজ। সুখময়ের সাফল্য দেখে বছর দুয়েকের মধ্যে তাঁকে অনুসরণ করে ১০ থেকে ১২ জন যুবক বেতের কাজ শুরু করেন। ধীরে ধীরে মগবান ও পাশের ঝগড়াবিল গ্রামের লোকজনও ঝুঁকে পড়েন বেতের কাজে।
বেতের কারিগরেরা জানান, সোফাসেট, খাট, চেয়ার, ড্রেসিং টেবিল, ঝুড়ি, দোলনা, টেলিফোন টেবিল, বুকশেলফ, ওয়ার্ডরোপ, আলমারি, ইজি চেয়ার ও টিভিস্ট্যান্ড তৈরি করেন তাঁরা। বনজঙ্গল ধ্বংস হওয়ায় বেতের সরবরাহ কমে গেছে। ফলে বেতপল্লির মানুষজন নিজেদের উদ্যোগে গোল্লা, বান্দরি, জালি, উদমসহ বিভিন্ন জাতের বেত চাষ করছেন।
বাঘাইছড়ির বেতের আসবাবের চাহিদা তৈরি হয়েছে দেশের বাইরেও। এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএনডিপিসহ বিভিন্ন দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা। মগবান গ্রামের সাধন চাকমা ও সুখময় চাকমা বলেন, ‘দুই দশকেরও বেশি সময় ধরে বেতের সামগ্রী তৈরি করে আসছি। এখন এই পল্লির বেতের আসবাব দেশের বাইরেও যাচ্ছে। কিছুদিন আগে সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইতালিতে রপ্তানি হয়েছে।’
বেতপল্লির কারিগরেরা জানান, এখানে তৈরি একটি ডবল খাটের দাম পড়বে ১০ থেকে ১২ হাজার টাকা, সোফাসেট সাত হাজার থেকে ১৪ হাজার, মোড়া এক জোড়া ৭০০ থেকে এক হাজার ও চেয়ার এক জোড়া এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা।
সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা চালু হলে বাঘাইছড়ির সম্ভাবনাময় এই শিল্প আরও বিকশিত হবে বলে মনে করেন এলাকার বাসিন্দারা। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে অর্ধশতাধিক বেতশিল্পী বেতের বিভিন্ন সামগ্রী তৈরি করে সংসার চালান। চাহিদা বেড়ে যাওয়ায় এখন বেতের সংকট দেখা দিয়েছে। কারিগরেরা ঋণ পেলে তাঁরা এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন।’
বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. আবদুর সাত্তার জানান, বেতের চাহিদা এখন বাড়ছে। বনজঙ্গলেও আগের মতো বেত পাওয়া যায় না। বন থেকে বেত কাটার ওপরও সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। সে জন্য চাহিদা মেটাতে বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় প্রায় ৪০ হেক্টর জমিতে বেত চাষ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘বঙ্গলতলী ইউনিয়নে অর্ধশতাধিক পরিবার বেতের সামগ্রী তৈরি করে সংসার চালায়। শুনেছি তাদের তৈরি আসবাব দেশের বাইরেও চলে যাচ্ছে। সরকারিভাবে সহযোগিতা পেলে বেতশিল্পীরা আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।’