
মহেশখালীর মেহেরিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে নেই টুল-বেঞ্চসহ পর্যাপ্ত আসবাব। দুই পালার এই বিদ্যালয়ে ছয়টি শ্রেণিতে পড়ছে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে অর্ধেকই মেঝেতে বসে পড়ালেখা করছে। পাশাপাশি শ্রেণিকক্ষ–সংকটের কারণে বিদ্যালয়ের পাশে অবস্থিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মেঝেতে বসেও ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।
২ জুন দুপুর ১২টায় ওই বিদ্যালয়ে গিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেঝেতে বসে ক্লাস করতে দেখা গেছে। ভবনের পাশে অবস্থিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মেঝেতে বসেও শিক্ষার্থীরা ক্লাস করছিল।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষ–সংকটের পাশাপাশি আসবাব–সংকট দীর্ঘদিনের । সমস্যা সমাধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রকৌশলীর কার্যালয়ে ধরনা দিলেও কোনো কাজ হয়নি। এ কারণে বিদ্যালয়ে পাঠদান করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর বাঁশের বেড়া আর টিনের তৈরি একটি ভবনে বিদ্যালয়ের পাঠদান চলে আসছিল। কিন্তু ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বেড়া আর টিনের ভবন ভেঙে যায়। পরে ইট আর টিন দিয়ে আরেকটি ভবন তৈরি করলেও তা ২০০৬ সাল থেকে পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। ১৯৯৬ সালে দুই কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণ করলেও সংস্কারের অভাবে তা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শ্রেণিকক্ষ–সংকটের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরুপায় হয়ে দুই পালায় ক্লাস নিচ্ছে। সম্প্রতি একটি শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়লে দুই ছাত্রী আহত হয়। আর অল্পের জন্য বেঁচে যায় ওই শ্রেণিকক্ষের আরও ১০০ শিক্ষার্থী।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন ও জন্নাতুল ফেরদৌস বলে, ‘কিছুদিন আগে শ্রেণিকক্ষের মাসিক মূল্যায়ন পরীক্ষা দেওয়ার সময় ওপর থেকে পলেস্তারা খসে পড়ে আমাদের দুই সহপাঠী আহত হয়। এরপর ওই ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখন আশ্রয়কেন্দ্রের নিচে মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। বর্তমানে সেখানেই মাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছি আমরা।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দু শুকুর বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে এখন দুই শ্রেণির কার্যক্রম চলছে আশ্রয়কেন্দ্রের মেঝেতে। সব মিলিয়ে অন্তত ৬০০ শিক্ষার্থী মেঝেতে বসে ক্লাস করছে। ফলে ক্লাস নিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে একটি ভবন আর আসবাবের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশলী অফিসে বারবার ধরনা দিলেও কোনো কাজ হচ্ছে না। এমনকি প্রতি মাসে উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেও কোনো কাজ হচ্ছে না। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছে। এখন অতিরিক্ত দুজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে।
মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান প্রথম আলোকে বলেন, মহেশখালী মেহেরিয়াপাড়া বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও আসবাবের সংকট রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।