আসমা বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। লাখো শিক্ষার্থীর মতো উন্মে আসমাউল হুসনা আসমারও হলে বসে পরীক্ষা দেওয়ার কথা। উচ্চ শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার মনে। কিন্তু বাদসাধে নিয়তি। আসমা এখন চট্টগ্রাম সেন্টার পয়েন্ট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চটপটে সদা হাস্যোজ্জ্বল মুখটির হঠাৎ করুণ দশায় সহপাঠীরাও কান্নায় ভেঙে পড়ছে। তার সহপাঠী নাদিয়া রশিদ প্রথম আলোকে জানায়, ‘হাসপাতালের শয্যায় আসমা পড়ে আছে। সে আমাকেও চিনতে পারছে না। কানের কাছে মুখ রেখে যখন নিজের নাম বললাম, তখন চিনতে পেরে কেঁদে বুক ভাসাল। টাকার অভাবে সহপাঠী বান্ধবীকে হারাতে হবে—ভাবতে কষ্ট হচ্ছে। তার চিকিৎসার জন্য আমরা স্কুলের বান্ধবীরা চাঁদা তুলছি। সমাজের বিত্তবান, হদয়বান ব্যক্তিদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ আসমা কক্সবাজার কেজি অ্যান্ড মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রী। বাবা এস এম ছৈয়দ আহমদ কক্সবাজার সদর হাসপাতালের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। তাঁর তিন মেয়ের মধ্যে আসমা সবার ছোট। এস এম ছৈয়দ আহমদ জানান, গত ২৮ জুলাই আসমাকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কামাল উদ্দিনের তত্ত্বাবধানে এ পর্যন্ত তার মাথায় সাতবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু তার পরও পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না। এখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তার চিকিৎসার জন্য দরকার ১৫ লাখ টাকা। সাহায্য পাঠানোর ঠিকানা: এস এম ছৈয়দ আহমদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৭৪০, সোনালী ব্যাংক, কক্সবাজার শাখা। মোবাইল: ০১৮১৬২৪৪০৮২, ০১৮২৩৯৭২২১২।