আসমানি পর্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম আমরা। খুব ছোট্ট একটা ঘর হবে আমাদের। কার্জন হলের সামনের মাটির রকমারি জিনিস, ফুলের টব আর ঘরভর্তি আসমানি রঙের পর্দা...স্বপ্নিল আবেগে ঝিকমিক করত রুমার চোখ।হয়তো অলক্ষ্যে হাসছিলেন বিধাতা। না হলে এমন হবে কেন? হঠাৎ একটি দুর্ঘটনা সবকিছুই বদলে দিল। হলে ফিরছিলাম, এমন সময় সেই দুর্ঘটনা। জ্ঞান ফিরে দেখি, হাসপাতালের বেডে শুয়ে আছি। কোমরের নিচে প্রচণ্ড যন্ত্রণা। আর মাথার কাছে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে রুমা। বন্ধুদের সঙ্গে এরপর অনেকবারই হাসপাতালে আমাকে দেখতে এসেছে ও। কত কথাই হয়েছে আমাদের, কিন্তু ভুলেও সেই আসমানি রঙের পর্দার গল্প হয়নি। আমি নিজেও সে প্রসঙ্গ আনিনি। যেন আমাদের মনেই নেই, কত সুন্দর একটি স্বপ্ন সাজিয়েছিলাম আমরা! অসুস্থ, আত্মীয়স্বজনহীন একটি ছেলের কাছে এই শহর যে কী পরিমাণ হূদয়হীন হতে পারে, তা আমার চিন্তার বাইরে ছিল। নিষ্ঠুর এই শহরে নতুন করে লড়াই শুরু হলো আমার। রুমাকে আমার মনেই রইল না। বেমালুম ভুলে গেলাম।মাঝেমধ্যে অর্থহীন একটা অভিমান হতো। বন্ধুদের সহানুভূতি, কৌতূহল যখন অসহ্য লাগত, তখন লাপাত্তা করে নিতাম নিজেকে। খুব হাসতাম মনে মনে। একটু খোঁজো তো, একটু ভাবো তো আমার কথা! একদিন দেখা হয়ে গেল রুমার সঙ্গে। আমাকে দেখে হতবিহ্বল হয়ে তাকাল। সারা দিনের অফিস শেষে ঘরে ফিরছি, তবুও ক্লান্ত মুখে হাসি ফোটালাম। অবাক হয়ে দেখি, ভিজে এসেছে ওর সেই বিখ্যাত চোখ! আমি নিজেকে বোঝাতাম, রুমাকে ভুলে গেছি। যে কঠিন পথে আমার পথচলা, প্রেম সেখানে ভীষণ তুচ্ছ ব্যাপার। কিন্তু আজ সামান্য কয়েক ফোঁটা চোখের পানির মাধ্যমে রুমাকে আবার টের পেলাম নিজের ভেতরে। এটাই বা কম কী!ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়।