আসর জমালেন কোরীয় শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়া ও বাংলাদেশের বন্ধুত্বের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন দুই কোরীয় শিল্পী l প্রথম আলো
কোরিয়া ও বাংলাদেশের বন্ধুত্বের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন দুই কোরীয় শিল্পী l প্রথম আলো

‘আমি তোমায় ভালোবাসি/ তুমি আমায় ভালোবাসো/ আমরা দুজন দুজনাকে ভালোবাসি’ ভাঙা ভাঙা বাংলায় সমাবেত কণ্ঠে গানটি গাইছিলেন দক্ষিণ কোরিয়ার শিল্পীরা। কোরিয়া ও বাংলাদেশের বন্ধুত্বের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় কোরীয় সাংস্কৃতিক উৎসব। জমজমাট এই আসরে কোরীয় গানের পাশাপাশি বাংলা গান গেয়েও দর্শকদের মন ভরান অতিথি শিল্পীরা।
বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত বছর গানটি রচনা করেন লিম ডং চ্যাং। নগরের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে ‘চর্ম অব কোরিয়া’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে কোরিয়া দূতাবাস। সহযোগিতায় ছিল পিএইচপি পরিবার।
আয়োজনের শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মুহম্মদ মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং, সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল, দৈনিক আজাদীর পরিচালনা
সম্পাদক ওয়াহেদ মালেক, কোরিয়া দূতাবাসের কাউন্সিলর বে জুন হো, কোরিয়ান কমিউনিটি প্রেসিডেন্ট মিং ইউন হি এবং ফিলিপাইনের অনারারি কনসাল এম এ আউয়াল।

গান করেন কোরীয় শিল্পী পারা
গান করেন কোরীয় শিল্পী পারা

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ আয়োজনে ছয়টি পর্বে মোট নয়জন কোরীয় শিল্পী সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক আয়োজনের শুরুতে মঞ্চে আসেন কোরীয় জনপ্রিয় পপ সংগীতের দল ম্যারোনিয়ারের দুই শিল্পী মারো ও পারা। তাঁরা কয়েকটি ইংরেজি ও কোরিয়ান গান করে বিদায় নেন মঞ্চ থেকে। এরপর মঞ্চে এসে দর্শকদের পিয়ানোর সুরমূর্ছনায় মাতিয়ে রাখেন লিম ডং চ্যাং। এরপর বেশ কয়েকটি ধ্রুপদি গান নিয়ে মঞ্চে আসেন শিল্পী পার্ক সুং হি।
পার্ক সুং হিয়ের পর কখনো পিয়ানো আবার কখনো এককভাবে পারকিউশনের ছন্দে দর্শকদের মাতিয়ে যান পারকিউশন দল ‘নোরিয়াম মাচহি’–এর সদস্যরা। সাংস্কৃতিক আয়োজনের শেষের দিকে বাংলা গান গেয়ে শোনান শিল্পীরা। ‘আমি বাংলায় গান গাই’ ও ‘আমরা’ শিরোনামের দুটি বাংলা গানের সঙ্গে হাততালি দিয়ে, গলা মিলিয়ে দর্শকেরাও শিল্পীদের স্বাগত জানান।