
চট্টগ্রাম মাতিয়ে গেলেন ভারতীয় মণিপুরি নৃত্যশিল্পী দেবলিনা কুমার। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় নৃত্যের ছন্দে দর্শকদের মুগ্ধ করেছেন রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। ‘কালচারাল নাইট উইথ দেবলিনা’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে ইস্ট ডেল্টা বিশ্বব্যিালয়ের কালচারাল ক্লাব। প্রবর্তক মোড় ক্যাম্পাস মিলনায়তনে বসে এই আসর।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় আয়োজন। শুরুতে ছিল আলোচনা সভা। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম ও সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী।
কথামালা শেষে মঞ্চে শুরু হয় নৃত্যের ঝংকার। দেবলিনা কুমার পরিবেশন করেন মণিপুরি নৃত্যনাট্য ‘অসামান্যা’। এরপর ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘আমিই সেই মেয়ে’, ‘আমি চঞ্চল হে’, ‘কাজ নেই’, ‘শুধু একটি বন্ধু’, ‘আমার অঙ্গে অঙ্গে’, ‘আমি চিত্রাঙ্গদা’ শিরোনামের গান ও কবিতা মঞ্চে নৃত্যের ছন্দে রূপায়ন করেন দেবলিনা। তাঁর পরিবেশনায় ফুটে ওঠে সব প্রতিকূলতা অতিক্রম করে একজন সাধারণ মেয়ের অসামান্যা হয়ে ওঠার চিত্র।
দেবলিনা কুমারের মণিপুরি নৃত্যের এ পরিবেশনা শেষে মঞ্চে আসেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিট দাশ। তিনি ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। এরপর গানের সুরে মাতান কমল গন্ধা। তিনি পরিবেশন করেন ‘জীবনে আমার যত’, ‘আমি কান পেতে রই’, ‘প্রথম প্রদীপ জ্বালো’ ও ‘সাঁঝের পাখিরা ফিরিল গোলায়’।
কমল গন্ধার বিদায়ের পর আবার মঞ্চে দেবলিনা কুমার। তবে এবার মণিপুরী নৃত্যশিল্পী দেবলিনাকে দেখা গেল ভিন্নরূপে।
এই পর্বে তিনি নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় কিছু হিন্দি গানের সঙ্গে।