আসর জমালেন নাদিরা পারভিন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের নিয়মিত আয়োজনে পুরোনো দিনের হিন্দি ও বাংলা গান, গীত ও গজল গেয়ে আসর জমিয়েছেন শিল্পী নাদিরা পারভিন। ১২ এপ্রিল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আনন্দের ৮৩তম এ আসরে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে শিল্পী আয়েশা খাতুনকে সম্মননা প্রদান করা হয়। নাসরিন ইসলামের সরস উপস্থাপনায় অনুষ্ঠানের শুরু হয় মোহাম্মদ ওবায়দুল হকের কথা ও বাণী কুমার চৌধুরীর সুরে একটি দেশের গান দিয়ে। এরপর শিল্পী ‘একে একে জনম জনম গেল’, ‘যখন আমি থাকব নাকো’, ‘পারি না ভুলে যেতে’, ‘ও বাঁশি কেন গায়’, ‘ঠিকানা না রেখে ভালোই...’, ‘বাতাস ডাকে না আগের মতো’, ‘কে বাজায় বাঁশিতে’, ‘আমার স্বপন কিনতে পারে’, ‘হলুদিয়া পাখি’সহ জনপ্রিয় ১৫টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দের পরিচালক লিটন মিত্র, গায়ক আবদুল মান্নান রানা, সন্দীপন দাশ। শিল্পী আয়েশা খাতুন তাঁকে সম্মাননা প্রদানের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন লিটন মিত্র, সৃজন রায়, জুয়েল দাশ, সজল সরকার, রাজীব ঘোষ।