আসর জমালেন সতীনাথ মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ক্বণন আয়োজিত একক আবৃত্তি অনুষ্ঠানে সতীনাথ মুখোপাধ্যায়ের পরিবেশনা
নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ক্বণন আয়োজিত একক আবৃত্তি অনুষ্ঠানে সতীনাথ মুখোপাধ্যায়ের পরিবেশনা

ভারত ও বাংলাদেশের কবিদের কবিতা আবৃত্তির পাশাপাশি সরস কথোপকথনে আসর জমালেন ভারতের কলকাতার বাচিকশিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়। ১৭ নভেম্বর বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ক্বণনের আয়োজনে অনুষ্ঠিত হয় তাঁর একক আবৃত্তির আসর।
অনুষ্ঠানের শুরুতে হিমাদ্রী রাহার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন কবি অসীম সাহা। বিশেষ অতিথি ছিলেন কবি অঞ্জনা সাহা ও সুজন কুমার হাজং। সভাপতিত্ব করেন ক্বণনের পরিচালক মোস্তাক খন্দকার।
কবি অসীম সাহা বলেন, আবৃত্তি একটি শিল্পমাধ্যম। কবি যে অনুভব থেকে শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা রচনা করেন, একজন আবৃত্তিশিল্পী তা শ্রুতিগ্রাহ্য করে তোলেন। এ ধরনের আয়োজন যত বেশি হবে, ততই সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ পরাস্ত হবে।
তিনি আরও বলেন, এখন কলকাতা থেকে শিল্পীরা এ দেশে আসছেন। একইভাবে এ দেশের শিল্পীরাও সেখানে যাচ্ছেন। সাংস্কৃতিক আদান–প্রদানের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও বেশি সুদৃঢ় হবে।
কথামালার পর সতীনাথ মুখোপাধ্যায়কে সম্মাননা প্রদান করা হয়। এরপর ক্বণনের ৬৮তম কর্মশালায় অংশগ্রহণকারী ৬০ জনের মধ্যে উত্তীর্ণ ৩৯ জনকে সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
এরপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি অসীম সাহা, অঞ্জনা সাহা ও সুজন কুমার হাজং। মূল পর্ব শুরুর আগে আবৃত্তি করেন ক্বণনের সদস্য সৌভিক চৌধুরী, শুক্লা ভট্টাচার্য ও তৃষা সেন।
ক্বণনের শিল্পীদের আবৃত্তির পর ছিল সতীনাথ মুখোপাধ্যায়ের একক পরিবেশনা। তাঁর কণ্ঠে উঠে আসে দুই বাংলার কবিদের কথাসাহিত্য ও কবিতার চালচিত্র। সোনালী মুখোপাধ্যায়, শুভ দাশগুপ্ত ও বিজয়কুমার দাশসহ ভরতের বেশ কয়েকজন কবির কবিতা আবৃত্তি করেন তিনি। পাশাপাশি এ দেশের জনপ্রিয় কথাশিল্পী ও কিবদের লেখা থেকেও আবৃত্তি করেন ।
দর্শকের মনে দাগ কেটেছে কথাশিল্পী হ্‌ুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধের গল্প ‘রুপা’ থেকে পাঠ। এ ছাড়া দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বেদনাবিধুর নজরুল’, ভবানিপ্রসাদ মজুমদারের ‘বেশ করেছ’, আশাপূর্ণা দেবীর ‘তুমি’, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘পরিবাগ আসন’, অপূর্ব দত্তের ‘ক্রিকেট’, আবু করিমের ‘হত্যাকাণ্ড’ ও কাজী নজরুল ইসলামের ‘কুল’ কবিতার আবৃত্তি।