রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার দূরে আসলাম স্মৃতি ফাউন্ডেশন। গত শনিবার সকাল থেকে এখানে ছিল বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশুসহ মেধাবী ছাত্রছাত্রীদের কোলাহল। কেউ এসেছে চিকিৎসাসেবা নিতে, আবার কেউ পড়ালেখায় কৃতিত্বের পুরস্কার নিতে। সকাল থেকে জনকোলাহলপূর্ণ ফাউন্ডেশনের বিশাল ভবনে দেশের বিশিষ্ট কয়েকজন চিকিৎসক চোখ ও দাঁতের রোগের চিকিৎসা দিয়েছেন কয়েক শ নারী-পুরুষ ও শিশুকে। অপর দিকে ভবনের বাইরে শামিয়ানা টানিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবীদের সংবর্ধনা আর আসলাম স্মৃতি বৃত্তি পুরস্কার দেওয়া হয়। মেধাবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৯ জন ছাত্র-ছাত্রীকে। শনিবার এ উপলক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম এম হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস। বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ হারুনুল ইসলাম, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, সমিরণ বিকাশ বড়ুয়া, শিক্ষক আজাদ খান, রুপম চক্রবর্তী, আক্তার হোসেন, বদিউল আলম প্রমুখ।