আসাম এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া হাতির বাচ্চা আসাম এখন চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। পার্কের বন্য প্রাণী চিকিৎসালয়ে তার চিকিৎসা এখনো চলছে। ২০ সেপ্টেম্বর আসামকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর কাপ্তাইয়ের বাইজ্জ্যাতলী থেকে বনকর্মীরা আহত অবস্থায় হাতির বাচ্চাটি উদ্ধার করেন। পরদিন এটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়।
সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকার নাঈম জানান, হাতির বাচ্চাটির পায়ে জখমের চিহ্ন ছিল। বর্তমানে এটিকে পার্কের বন্য প্রাণী চিকিৎসালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাচ্চাটি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। মো. জুলকার নাঈম আরও জানান, বাচ্চাটিকে সুস্থ করে তুলতে ক্ষতস্থানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ এবং নিয়মিত ড্রেসিং করা হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেল খাওয়ানো হচ্ছে গরুর দুধ। পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, হাতির বাচ্চা আসামকে এখন হাসপাতাল করিডরে খাঁচার ভেতর রাখা হয়েছে। বাচ্চাটি সেখানে নানা ভঙ্গিমায় খেলছেও।