আসামি গ্রেপ্তারে অগ্রগতি নেই, নেতা-কর্মীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বিএনপি, হেফাজতে ইসলামী ও জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এজাহারভুক্ত আসামিরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। 
গত ১১ এপ্রিল উপজেলার ভূজপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিলে বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের হামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী নিহত ও তিন শতাধিক আহত হন। তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী।
এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার তিনটি, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষে একটি করে মামলা দায়ের করা হয় ভূজপুর থানায়। মোট পাঁচ মামলায় ৪৭১ জনের নাম উল্লেখ এবং অন্যদের অজ্ঞাত দেখিয়ে ১৬ হাজার ৪৭১ জনকে আসামি করা হয়। ঘটনায় তিন মাস পার হলেও ১১ জুলাই পর্যন্ত এসব মামলায় মাত্র ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকত ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও একটি মামলার বাদী। বিএনপি, হেফাজত ও জামায়াত-শিবিরের অনেক এজাহারভুক্ত আসামি এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের গ্রেপ্তারে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।’ পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মামলার আরেক বাদী জিয়াউল হক অভিযোগ করেন, আসামিদের সন্ধান দেওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তারে আগ্রহ দেখাচ্ছে না। তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান বলেন, ‘তাণ্ডবকারীদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও মধ্যযুগীয় কায়দায় নেতা-কর্মী হত্যার অভিযোগে আমাদের নেতা-কর্মীদের দায়ের করা তিন মামলায় ৩৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। কিন্তু তিন মাসে মাত্র ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে ধীরগতির কারণে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।’ তবে তিনি জানান, দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সম্প্রতি মামলাগুলোর অগ্রগতি নিয়ে ভূজপুর থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুলিশ আসামি গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে নেতাদের আশ্বস্ত করেছেন।
জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের সন্ধান দেওয়ার জন্য বিভিন্ন স্থানে মানুষকে উদ্বুদ্ধ করা হলেও কারও সহায়তা পাওয়া যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।