কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে এসআই পরেশ কার্বারি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এলাকাবাসীকে নিয়ে আইনশৃঙ্খলা সভা করেছে থানার পুলিশ। সভায় খুনিদের সামাজিকভাবে বয়কট করে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘পুলিশ এসআই পরেশ কার্বারির খুনিদের খুঁজে বেড়াচ্ছে। তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।’ হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল আনোয়ার, সাবেক চোয়ারম্যান আবদুল মাবুদ চৌধুরী, আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আলি আহমদ, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাসেম, সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, ইউপি সদস্য আবদুল মুবিনসহ আরও অনেকেই। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া কাঁঠালতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এসআই পরেশ কার্বারি নিহত হন।