আসামি তোহার বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত শারিমা রহমান হত্যা মামলার একমাত্র আসামি এস এম তোহা ওরফে সৌরভের বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম শুনানির পর এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আসামি তোহা এর আগে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছিলেন। পুলিশ জোর করে জবানবন্দি দিতে বাধ্য করেন বলে আবেদনে উল্লেখ করেন তোহা। মঙ্গলবার আদালত তোহার এ আবেদন নাকচ করে দেন। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে বলেন, একমাত্র আসামি তোহার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে। পরবর্তী ধার্য তারিখ থেকে আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর প্রস্তুতি চলছে। পিপি কামাল আরও বলেন, ‘অভিযোগ গঠনের সময় মৃদাতের এক বন্ধুকে কেন আসামি করা হয়নি তা জানতে চেয়েছিলেন বিচারক। জবাবে আমি বলেছি, পুলিশ তদন্ত করে ওই বন্ধুর সংশ্লিষ্টতা পায়নি, তাই হয়তো তাঁকে আসামি করা হয়নি। তবে সাক্ষ্য-প্রমাণে ওই বন্ধুর নাম এলে তাঁকে আসামি করা হতে পারে।’ মৃদাতের বাবা মো. মিজানুর রহমান বলেন, ‘আমার মেয়ের হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এরপর সাক্ষ্য নেওয়া শুরু হবে। আমি আশা করছি, মেয়ে হত্যার সুষ্ঠু বিচার হবে।’ প্রসঙ্গত, গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসার ছাদে তোহার ছুরিকাঘাতে খুন হন মৃদাত। তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। ওই রাতে মৃদাতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। দুই দিন পর গত বছরের ২৩ অক্টোবর রাতে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার সময় ভাটিয়ারি এলাকায় পুলিশ তোহাকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা। প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তিনি মৃদাতকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে স্বীকার করেন। এর আগে ২৪ অক্টোবর সকালে সাংবাদিকদের কাছে মৃদাত হত্যার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। অসম প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় মৃদাতকে হত্যা করেন বলে জানিয়েছিলেন তোহা।