আসামি ১৬ হাজার, গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জামায়াত-বিএনপির ডাকা হরতালে চকরিয়া ও পেকুয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে নয়টি মামলা দায়ের করেছে। এ ছাড়া, গুলিবিদ্ধ ও ক্ষতিগ্রস্ত তিন ব্যক্তি একটি করে পৃথক তিনটি মামলা দায়ের করেন। মোট ১২ মামলায় ৪০৩ জনের নাম উল্লেখসহ প্রায় ১৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া হয়েছেন অনেকে।জানা যায়, এ দুই উপজেলায় সহিংসতায় একজন নিহত ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। এ ছাড়া ব্যাপক গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করে জামায়াত ও শিবিরকর্মীরা। বর্তমানে সহিংসতার রেশ কেটে গেলেও চারদিকে এখনো আতঙ্ক বিরাজ করছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া জানান, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চকরিয়ায় জামায়াত-শিবির ব্যাপক সহিংসতা চালায়। এসব ঘটনায় উপপরিদর্শক জামাল হোসেন, ওসমান গনি, নাছির উদ্দিন, মনিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক বিনোদ দস্তিদার বাদী হয়ে পাঁচটি মামলা করেন। সব মামলায় ৩০৩ জনের নাম উল্লেখ এবং পাঁচ হাজার ৬০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘১ মার্চ জুমার নামাজের পর জামায়াত-শিবির যুবলীগ অফিস ও পূবালী ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে আমি ২৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। তবে ঘটনায় আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিল।’এ ছাড়া, ওই দিনের ঘটনায় লামা পৌর যুবলীগের নেতা সামু শিকদারও সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, জামায়াতের ডাকা ২৪ ফেব্রুয়ারির হরতালে পেকুয়া সদর ইউনিয়নের আশরাফুল উলুম মাদ্রাসা ও পেকুয়া বাজার এলাকায় জামায়াত-বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবদুল লতিফ ১০০ জনের নাম উল্লেখ ও এক হাজার ২০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া, থানার উপপরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশকে হত্যার চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় ২০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই হাজার ৪০০ জনকে আসামি করা হয়। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির পেকুয়ায় আবারও সহিংসতা চালায়। এ ঘটনায় একজন নিহত হন। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় থানার উপপরিদর্শক রেজাউল করিম চৌধুরী দুটি মামলা দায়ের করেন। পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ দাবি করেন, তাঁর সংগঠনের নেতা-কর্মীরা নির্দোষ। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওসি রণজিত বড়ুয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে অন্তত ৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।