আসামিরা যেন থাকে দুধেভাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থতার ছুতোয় ‘রোগী’ সেজে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রভাবশালী কয়েকজন আসামি। তাঁদের কারও পায়ে ব্যথা, কারও পিঠে, কারও বা হৃদয়ে! (সূত্র: প্রথম আলো, ২৫ অক্টোবর ২০১৭)। তবে রস+আলো মনে করে, শুধু হাসপাতালে নয়, ভবিষ্যতে আসামিদের জন্য আরও বিকল্প আরাম-আয়েশের ব্যবস্থা করা উচিত। সে রকমই কিছু বিকল্প উপায় তুলে ধরলেন আসফিদুল হক

উপসর্গ

বুকে ব্যথা, বুক ধড়ফড় করা

গন্তব্যস্থল

বাংলা সিনেমার পোড়খাওয়া বাবাদের মতো বেশির ভাগ প্রভাবশালী আসামিরই সারা বছর বুকে ব্যথা লেগে থাকে। এই ব্যথার ছুতোয় তাঁরা দিনের পর দিন কাটিয়ে দেন হাসপাতালে। তবে হার্টের সমস্যা মোকাবিলায় শুধু হাসপাতাল নয়, কারা কর্তৃপক্ষকে আগে ভাবতে হবে কীভাবে হার্ট ভালো রাখা যায়। হার্ট ভালো রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে পরিবারের সঙ্গে আসামিদের সময় কাটানোর সুযোগ করে দেওয়া। চাইলে তাঁদের শিশুপার্কেও পাঠানো যেতে পারে। সেখানে আসামিরা শিশুদের সঙ্গে বিভিন্ন রাইডে চড়বেন, গাইবেন, নাচবেন। এতে করে তাঁদের হার্ট হবে শিশুদের মতো নরম, কোমল। এ ছাড়া রমনা পার্কে সময় কাটানোর ব্যবস্থাও করে দেওয়া যেতে পারে (১০ টাকার বাদামসহ)। এভাবে ‘কোয়ালিটি টাইম’ কাটালে সবারই হার্ট ভালো থাকবে। ফলে দুই দিন পরপর কেউ আর হাসপাতালে ভর্তি হবেন না। কারা কর্তৃপক্ষও বেঁচে যাবে বদনামের হাত থেকে।

হজমের সমস্যা, খাবারে অনীহা

জেলখানার খাবারের মান অত্যন্ত উঁচু পর্যায়ের, বিশেষ করে ভাতের। যে একবার জেলখানার ভাত খেয়েছে, সে কখনো ভুলবে না এই খাবারের কী স্বাদ। তবে এত সুস্বাদু ভাতও দিনের পর দিন খেতে খেতে অনেক আসামির রুচি নষ্ট হয়ে যায়। তঁারা দুবেলা ঠিকমতো খেতে পান না। এর ফলে শুরু হয় গ্যাস্ট্রিক, বদহজম, খাবারে অরুচিসহ নানান সমস্যা। অনেকে আবার গ্যাস্ট্রিকের ব্যথাকে বুকের ব্যথায় রূপান্তর করে হাসপাতালে দৌড়ে যান। এ ধরনের সমস্যা দূর করতে আসামিদের নিয়মিত ভালো ভালো রেস্তোরাঁয় নিয়ে ‘ট্রিট’ দেওয়া যেতে পারে। খাবারের স্বাদ পরিবর্তন হলে আসামিদের মুখে রুচি ফিরে আসবে, পেটে আসবে শান্তি। আর পেটে শান্তি মানেই দুনিয়া শান্তি, কারা কর্তৃপক্ষের জন্যও শান্তি।

মন খারাপ, বিষণ্নতা

শরীরের পাশাপাশি প্রভাবশালী আসামিদের মনের সুস্থতার দিকেও কারা কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া উচিত। এ জন্য তাঁদের নিয়মিত অত্যাধুনিক সিনেপ্লেক্সে লেটেস্ট মুভি দেখানো বা গানের জলসা, কনসার্ট, ডিজে পার্টিতে ফ্রি টিকিটের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত রুচির প্রতি লক্ষ রাখতে হবে, ওলটপালট হলে বিপদ। যে আসামির পছন্দ মমতাজ, তাঁকে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির জলসায় পাঠালে হিতে বিপরীত হবে। তাই প্রত্যেকের রুচি, পছন্দ অনুযায়ী সাবধানে বিনোদনের ব্যবস্থা করা কারা কর্তৃপক্ষের দায়িত্ব।

শরীর ম্যাজম্যাজ, মাথা ঝিমঝিম করা

বাংলাদেশ ষড়্‌ঋতুর দেশ। দুই মাস পরপর এ দেশে ঋতু পরিবর্তন হয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবারই শরীর ম্যাজম্যাজ করে, মাথা ঝিমঝিম করে। হানা দেয় নানান রোগবালাই। জেলখানার আসামিরাও আমাদের মতো মানুষ। তাঁদেরও এ ধরনের সমস্যা হয় এবং সমস্যা সমাধানে তঁাদের হাসপাতালে পাঠানো হয়। তবে আমাদের পক্ষ থেকে পরামর্শ হচ্ছে, এরপর থেকে প্রভাবশালী আসামিদের শরীর ম্যাজম্যাজ করলেই হাসপাতালের বদলে বিভিন্ন স্পা সেন্টারে পাঠানো হোক। সেখানে ম্যাসাজ, স্ক্রাবিং, প্যাডিকিউর, ম্যানিকিউর ও ময়েশ্চারাইজিংয়ের মতো বিভিন্ন সেবা গ্রহণের মাধ্যমে আসামিরা ফিরে পাবেন প্রাণচাঞ্চল্য। পাশাপাশি তাঁদের আউটলুকে আসবে ব্যাপক পরিবর্তন। আর আসামিদের আউটলুক পরিবর্তন হলে কারা কর্তৃপক্ষের ‘আউটলুক’ও পরিবর্তন হবে।