আসামের জন্যভালোবাসা

মা হাতির সঙ্গে হেলেদুলে খেলতে খেলতে হাঁটছিল বাচ্চা হাতি। হঠাৎ পা পিছলে এটি পাহাড়ের নিচে পড়তে পড়তে আটকে যায় একটি গাছের সঙ্গে। মা হাতিসহ হাতির পাল এসে আপ্রাণ চেষ্টা করেও এটিকে উদ্ধার করতে না পেরে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে বাচ্চা হাতিটিকে উদ্ধার করেন। পরে এটির নাম দেওয়া হয় ‘আসাম’।
ঘটনাটি ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের দুর্গম পাহাড়ের ভাঙ্গামুড়া এলাকায়। বাচ্চাটি উদ্ধার করে প্রথমে কাপ্তাই জেটিঘাটের রাইংখ্যং কার্যালয়ে রাখা হয়। বর্তমানে এটি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ভর্তি আছে।
১৫ সেপ্টেম্বর বেলা দুইটায় কাপ্তাই জেটিঘাটের রাইংখ্যং কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ডুলাহাজারা সাফারি পার্ক থেকে আসা মাহুত সত্যজিৎ চাকমা এবং মো. ফারুক আসামকে দুধ খাওয়াচ্ছেন। ফারুক বলেন, ‘আসাম দুধ খেতে চাচ্ছে। সাত বোতল দুধ তাকে খাওয়ানো হয়েছে। ডায়রিয়া হওয়ার আশঙ্কায় আমরা সাবধানতা অবলম্বন করছি।’
বন বিভাগের ধনুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম সামশুজ্জোহা বলেন, ‘এলাকার মানুষের সহযোগিতায় বাচ্চাটি সহজেই উদ্ধার হয়েছে। এটির পেছনের ডান ও বাঁ পায়ের গোড়ার দিকে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং পা ফুলে গেছে। আমরা এটিকে সাবধানতার সঙ্গে এখানে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি।’ বন সংরক্ষক মো. আবদুর রকিব সরকার বলেন, ‘বাচ্চাটিকে সুস্থ করে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এটিরনাম দিয়েছি ‘আসাম’।
কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, আসাম মেয়ে হাতি। ৭৫ কেজি ওজনের বাচ্চাটির বয়স প্রায় দেড় মাস। এটি আসাম প্রজাতির হাতির শাবক। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকেরচেয়ে কিছুটা বেশি ছিল। এটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরপর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, অসুস্থ বাচ্চা হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য বিভাসুতে নেওয়ার পর পরিচালক ড. ভজন চন্দ্র দাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। জানতে চাইলে ড. ভজন চন্দ্র দাস বলেন, সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদসহ পাঁচ চিকিৎসকের তদারকিতে বাচ্চা হাতিটির চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি এখন প্রায় সুস্থ এবং আশঙ্কামুক্ত। আমরা এটিকে ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। কারণ পিতা-মাতাহীন অসুস্থ বাচ্চা হাতির সুস্থতা ও বেড়ে ওঠার জন্য যে পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা প্রয়োজন তা বিভাসুতে নেই। সাফারি পার্কে সে সুবিধা পাওয়া যাবে।
বাচ্চাটিকে অন্তত দুই বছর দুধ খাওয়াতে হবে।