আসিতেছে...পয়লা বৈশাখ...বৈশাখ...বৈশাখ পান্তা এবং ইলিশ, সাবধানে ভাই গিলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পর পয়লা বৈশাখ। মানুষের মনে খুশির সীমা নেই। নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই একেবারে প্রস্তুত। এত দিন পর আরেকটা নতুন বছর আসছে, তাকে তো আর হেলাফেলা করে বরণ করা যায় না। পয়লা বৈশাখে পান্তাভাত খাওয়া মোটামুটি ঐতিহ্যের পর্যায়ে চলে গেছে। সারা বছর একটু অবহেলায় থাকলেও পয়লা বৈশাখে একেবারে লাইম লাইটে চলে আসে পান্তাভাত। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে পান্তাভাত খাওয়াটা কতটুকু যৌক্তিক হবে তা নিয়ে চিন্তা-ভাবনা করার সময় এসে গেছে। এমনিতেই দেশে তীব্র পানিসংকট। পানির জন্য বালতি-কলস নিয়ে লাইন দিচ্ছে হাজার হাজার মানুষ। আগে মাটিতে একটু গর্ত করলেই পানি উঁকিঝুঁকি মারত, এখন গভীর গর্ত করলে কয়েকটা কেঁচো উঁকি মারে, পানি পাওয়া যায় না। ভয়াবহ অবস্থা। এভাবে পানির সংকট চলতে থাকলে হাঁপানি রোগটার নাম বদলে শুধু হাঁ দিতে হবে। তার ওপর লাখ লাখ মানুষ যদি পানিভাত (পান্তাভাত) খায়, তাহলে তো পানির সংকট আরও বেড়ে যাবে। এটা তো পানির মতো সহজ একটা বিষয়, এ বিষয় বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না। অথচ এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কোনো কিছুই ভাবছে না। তা ছাড়া ইলিশ মাছের কথাটাও একবার ভেবে দেখা দরকার। বেচারা ইলিশ সারাটা জীবন পানিতে থাকতে থাকতে নিউমোনিয়া বাঁধিয়ে ফেলল, অথচ মৃত্যুর পরও পানির হাত থেকে রেহাই পেল না। ইলিশকে ভাজা ভাজা করে পান্তাভাতের প্লেটে রাখা হবে। মানে পানি থেকে তুলে আবারও সেই পানির মধ্যেই ডুবিয়ে রাখা। ইলিশ আমাদের জাতীয় মাছ। তার একটা মান-সম্মান আছে। কিন্তু আমরা তার কথায় পাত্তা না দিয়ে তাকে ইচ্ছামতো পানিতে চুবিয়ে রাখছি। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কী হতে পারে! যা-ই হোক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি। আমাকে আবার ইলিশ কিনতে বাজারে যেতে হবে।