আসিফ-হৈমন্তীর ‘স্বপ্ন নিয়ে’
কবিতার মতোই গানের কথাগুলো, মন কেড়ে নেয়, স্বর্গীয় আনন্দের ঢেউ তোলে প্রাণে। ‘একটা কথা বললে’, ‘স্বপ্নবিনোদিনী’ কিংবা ‘মনতরী’ গানগুলো শুনলে মন আকুল হয় অনিন্দ্য এক স্বপ্নে—ভালোবাসার স্বপ্নে। বসুধা আর্বের এক্সক্লুসিভ আসিফ-হৈমন্তীরস্বপ্ন নিয়ে শ্রোতাদের স্বপ্ন দেখাচ্ছে—নতুন গানের, নতুন দিনের। অডিও বাজারের সাম্প্রতিক দুঃসময়ে আশার আলো জ্বালিয়েছে অ্যালবামটি। ইতিমধ্যে দারুণ শ্রোতাপ্রিয় হয়েছে ভিন্ন স্বাদের গানের এ অ্যালবাম। পল্লব স্যানালের সুর ও সংগীতে—গানের কথা লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা ও রবিউল ইসলাম।আসিফ অ্যালবামটি নিয়ে অনুভূতি প্রকাশ করেন এভাবে—‘হৈমন্তীর কণ্ঠটা ঐশ্বরিক। অনেক প্রতীক্ষার পর অ্যালবামটি বাজারে এসেছে। ভালো সাড়া পাচ্ছি।’ পল্লব স্যানাল জানান, ‘আসিফ-হৈমন্তীর গায়কী, তাদের শ্রোতা—এসব বিবেচনায় চেষ্টা করেছি ভিন্নধর্মী কিছু করতে। ভালো-মন্দ বলবেন শ্রোতারা।’ ‘আসিফ ভাইয়ের মতো শিল্পীর সঙ্গে আমি গাইব—এটা আমার স্বপ্ন ছিল। আমি তাঁর কাছে কৃতজ্ঞ অ্যালবামে সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন বলে। সুন্দর সুর করেছেন পল্লবদা। গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমি মনে করি।’ বললেন হৈমন্তী রক্ষিত মান।