আসিফের লক্ষ্য 'ব্র্যান্ডিং বাংলাদেশ'

২২ ডিসেম্বর, ২০১৫। শীতের রাত, হালকা বাতাস বইছে। দিল্লি রেলস্টেশনে একা দাঁড়িয়ে আছেন আসিফ খান। রাত আটটা থেকে অপেক্ষা করছেন রেলের জন্য। গন্তব্য রাত দশটার ট্রেনে কলকাতা হয়ে বাংলাদেশ। হতাশাকে সঙ্গী করে ফিরছিলেন রাজস্থানের স্যান্ড ডুন আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব থেকে। হতাশার কারণ, তাঁর বানানো স্বল্পদৈর্ঘ্য ছবিটি মনোনয়ন পেয়েও কোনো পুরস্কার পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে ফেরার। ঘড়ির কাঁটায় রাত সাড়ে নয়টা, মুঠোফোন বেজে ওঠে আসিফের। অপর প্রান্ত থেকে ভেসে আসে নারীকণ্ঠ। ‘আসিফ, আপনি কোথায়? কালকের মধ্যে মুম্বাই আসতে হবে।’ আসিফের জবাব
ছিল একটাই, ‘আপনি কি আমার সঙ্গে মজা করছেন?’
হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করে পরদিন ভোরে মুম্বাইয়ের ফ্লাইট ধরেন তিনি। আসিফ তখনো পরিষ্কার জানতেন না, কী হতে যাচ্ছে। শুধু জানতেন, ইয়াপ টিভি আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০১৫’-এ তাঁর নির্মিত পোস্টার ছবিটি সেরা পাঁচে জায়গা
করে নিয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল ২৩ ডিসেম্বর সন্ধ্যায়, মুম্বাইয়ের জুহুর জে ডব্লিউ ম্যারিয়টে। সেখানে প্রবেশের আগ মুহূর্তে তাঁর মনে পড়ে রাজস্থানে এক ভারতীয় বন্ধুর বলা কথা, ‘লাল রঙের জামা পরে এসেছ বলে তুমি রাজস্থান থেকে খালি হাতে ফিরে যাচ্ছো। তোমার রাশিতে লাল রং শুভ নয়।’ আসিফ ভাবলেন, ‘শুভ-অশুভ’ ব্যাপারটার সঙ্গে একটু বোঝাপড়া করে নেওয়া দরকার। তাই লাল রঙের জামা পরেই ম্যারিয়টে প্রবেশ করেন তিনি। ঢুকতেই দৃষ্টি চলে যায় মঞ্চে থাকা বলিউড তারকা অভিষেক বচ্চনের দিকে। আসিফ তখনো জানতেন না, একটু পর এই তারকার হাত থেকেই পুরস্কার নিতে হবে তাঁকে! আসিফের বানানো পোস্টার সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নিয়েছিল উৎসবে।
প্রতিযোগিতায় ৪০৭টি ছবি জমা পড়েছিল। এর মধ্য থেকে ২০টি ছবি চূড়ান্ত করা হয়েছিল মূল প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অনুরাগ কাশ্যপ, সুধীর মিশ্র ও কেতন মেহতা।
আসিফের জন্ম নাটোরে। বেড়ে ওঠা সেখানেই। পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (এলপিইউ) ফার্মাসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। একই বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন বিষয়ে ‘পোস্ট গ্র্যাজুয়েশন’ করছেন। সম্প্রতি এসেছিলেন দেশে। প্রথম আলো কার্যালয়ে বসে বললেন তাঁর অভিজ্ঞতার গল্প। ‘আমি বাংলাদেশের ছেলে জেনে অভিষেক বচ্চন খানিকটা অবাকই হয়েছিলেন। পুরস্কারপ্রাপ্তির চেয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারছি, এটাই আমার কাছে বড়।’ বলছিলেন এই তরুণ নির্মাতা।
আসিফ খান জানালেন, তাঁর পরিচালিত পোস্টার ছবিটি এ পর্যন্ত ১০টি পুরস্কার ছাড়াও ২৫টি চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। যার মধ্যে সাতটি ও তিনটি পুরস্কার এসেছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ থেকে। জয় করেছে ‘দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব-২০১৪’-এর ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন’। বাংলাদেশ ও ভারতের বাইরে পোস্টার প্রদর্শিত হয়েছে জার্মান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও গ্রিসে।
যে ছবির জন্য এত পুরস্কার, সেটি জহির রায়হানের গল্প অবলম্বনে নির্মিত। ‘২০০৯ সালে গল্পটা পড়েই খুব মনে ধরেছিল। ঠিক করেছিলাম সুযোগ এলে সেলুলয়েডে বন্দী করব। ২০১৩ সালেই সেই কাঙ্ক্ষিত সুযোগটা পেয়ে গেলাম। জহির রায়হানের কাছ থেকে আমি অনুপ্রাণিত।’ বলছিলেন আসিফ।
আসিফের বাবা আজম খানও ফার্মাসিস্ট। ‘বাবার পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি...’ মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তিনি নির্মাতাই হতে চান। স্কুলে থিয়েটার করেছেন। তখন থেকেই আগ্রহ। পোস্টার ছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছেন। পদ্মা নদী নিয়ে ২০১৩ সালে তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জলেরও জলছবি ভারতের ইয়ুথ ভাইব ন্যাশনাল ওপেন ফেস্টিভ্যালে পুরস্কার পায়।
এখন তিনি তাঁর লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রিয়মুখও। পূর্ণবৃত্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতাই পাচ্ছেন এলপিইউ থেকে। ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’।
আসিফের ভাবনা এখন একটাই, ‘ইচ্ছে ফিচার ফিল্ম তৈরি করার। আর স্বপ্ন অস্কার জয়। লক্ষ্যটা ব্র্যান্ডিং বাংলাদেশ।’ ব্র্যান্ডিং বাংলাদেশের বিষয়ে পরিষ্কারও করলেন তিনি। পুরো পৃথিবীকে চেনাতে চান বাংলাদেশের চলচ্চিত্র।