আসুন ঐতিহ্যগুলো রক্ষা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

ঢেঁকি
একসময় আমাদের গ্রামের ঘরে ঘরে ঢেঁকি ছিল। এখন আর সেই দিন নেই। ঢেঁকির জায়গা দখল করে নিয়েছে লোহালক্কড়ের রাইস মিল। কিন্তু ঢেঁকির মতো এমন একটা ঐতিহ্যকে তো এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। ঢেঁকি টিকিয়ে রাখতে প্রয়োজন নিজেদের দৃঢ় চরিত্র। কেউ কোনো অনুরোধ করলেই সেটা রাখা যাবে না। কারণ ‘অনুরোধে ঢেঁকি গেলা’র রেওয়াজ চালু থাকলে অনেক খুঁজেও আর কোনো ঢেঁকির অস্তিত্ব পাওয়া যাবে না। সব ঢেঁকি থাকবে আমাদের পেটে।

আঁকা: শিখা
আঁকা: শিখা

গুড়
গুড় ছাড়া পিঠা–পায়েস কল্পনা করা যায়? যায় না। গুড়ের মতো ঐতিহ্যবাহী খাবারটি টিকিয়ে রাখতে আমাদের উচিত ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা। প্রয়োজনে মাসে কয়েকবার কীটনাশকও ছিটাতে হবে। কীটনাশক ছিটালে বাসায় পিঁপড়া আসতে পারবে না। আর পিঁপড়া না এলে ‘লাভের গুড় পিঁপড়ায় খাওয়া’র সাহসও পাবে না। মনে রাখবেন, লাভের গুড় যদি পিঁপড়াকে খাওয়ার সাহস দেওয়া হয়, তাহলে একদিন মূলধনের গুড়ও খাবে! তারপর গুড় চলে যাবে জাদুঘরে (সেখানেও যে পিঁপড়া যাবে না, কে জানে!)।

আঁকা: শিখা
আঁকা: শিখা

তিল
আহা, তিল দিয়ে কত মজার মজার খাবারই না বানাতেন মা–খালারা। সেসব মজাদার খাবারের মধ্যে অন্যতম তিলের খাজা। কিন্তু এখন আর সেভাবে তিলের চাষ হয় না! ঐতিহ্যবাহী এই তিলকে রক্ষা করতে হলে আমাদের অনেক বেশি সৎ হতে হবে। কোনোভাবেই ‘তিলকে তাল বানানো’ যাবে না। সব তিলকে তাল বানিয়ে ফেললে তিলের বংশ নির্বংশ হয়ে যাবে নিশ্চিত!
খই
খই আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার। অথচ এখন আর আগের মতো খইয়ের দেখা মেলে না। খইয়ের জায়গা দখল করেছে পপকর্ন। তাই খইকে টিকিয়ে রাখতে হলে আমাদের বিশ্রাম নেওয়া চলবে না। কারণ, আমরা জানি, ‘নেই কাজ তো খই ভাজ’। অর্থাৎ কাজ না থাকলে খই ভাজতে হবে। ঘুমিয়ে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করা যাবে না।