বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সর্বস্তরে নারীর অংশগ্রহণ বাড়ছে। নারী পর্বত আরোহণ করছেন, প্যারাসুট নিয়ে হাজার ফুট ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছেন, সংসার সামলে সফলভাবে চাকরি করছেন। অন্যদিকে, সংসারের কাজে স্ত্রীকে সহায়তা করেন, এমন পুরুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অনেক শ্বশুরবাড়ির লোক এখন বাড়ির বউকে চাকরি করতে উৎসাহ দিচ্ছেন। কিন্তু এটাই একমাত্র সত্য নয়। একদিকে নারীকে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া হচ্ছে, অন্যদিকে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে না পারার কারণে সেই নারীকেই আবার চরম অবমাননাকর অথবা নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
সরকার একদিকে নারীর অবস্থানের পরিবর্তন ঘটাতে উপবৃত্তি চালু করছে, কোটা নির্ধারণ করছে, অন্যদিকে সরকারই নারীর বিয়ের বয়স কমিয়ে ১৬ বছরে নামিয়ে আনার উদ্যোগ নিচ্ছে। নামে-বেনামে এই সিদ্ধান্তের সপক্ষে বিভিন্ন সামাজিক মাধ্যমে যাঁরা মধ্যযুগীয় মন্তব্য করছেন, তাঁরাও কিন্তু শিক্ষিত সচেতন জনগোষ্ঠীরই অংশ! পয়লা বৈশাখে দিনদুপুরে অসংখ্য মানুষের সামনে নারী নিগৃহীত হওয়ার ঘটনায় বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য পুরুষের তীব্র প্রতিবাদ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বাসে শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করার প্রতিবাদ করা মেয়েটির পক্ষ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই বাসের নারী ও পুরুষ কোনো যাত্রীই কথা বলেন না। সকালে যে তরুণ ফেসবুকে নারী মুক্তির পক্ষে পোস্ট দেন, তিনিই হয়তো রাতে কোনো নায়িকার প্রকাশ হয়ে যাওয়া গোপন ভিডিও দেখেন। তা না হলে দেশজুড়ে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা ও পর্নোগ্রাফির প্রসার হতো না।
‘শুধু আমার মা, বোন, কর্তাদেরই অধিকার আছে, শুধু তাঁদেরই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাকিরা চুলায় যাক’—এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সবাই যাঁর যাঁর মতো করে নারীর অধিকারকে ব্যাখ্যা না করে নারী অধিকারের সর্বজনীন সংজ্ঞাকে স্বীকার করে নিতে হবে। আন্তর্জাতিকভাবে যা গৃহীত হয়েছে (যেমন বিয়ের সর্বনিম্ন বয়স, মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার, অর্থ উপার্জনের অধিকার ইত্যাদি) এগুলোর যেটা ভালো লাগে সেটা গ্রহণ করব আর যেটা ভালো লাগে না তা মানব না, সেটা করা যাবে না।
যেসব শিক্ষিত পুরুষ নারীর স্বাধীনতা ও অধিকারের পক্ষে, তাঁরা হয়তো জানেন যে তাঁর আত্মীয়স্বজন, পরিচিতজন, বন্ধুবান্ধবের মধ্যে কারা শিক্ষিত মানুষের মুখোশ পরে নামে-বেনামে সামাজিক মাধ্যমে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ছড়াচ্ছেন, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে রাতে পর্নোগ্রাফি দেখছেন, কারা সুযোগ বুঝে ব্যস্ত রাস্তায় গায়ে হাত দিচ্ছেন, কোন শিক্ষিত পরিবার শুধু মেয়ে হওয়ার কারণে কাউকে পড়ালেখা বা চাকরি করতে বাধা দিচ্ছে। সচেতন নারী-পুরুষ যদি শুধু মুখে বড় বড় কথা না বলে সত্যিকার অর্থে এই নিম্ন মানসিকতার মানুষদের সমাজ থেকে বর্জন করতে শুরু করেন, তাঁদের কার্যক্রমের প্রকাশ্যে বিরোধিতা করেন, তাহলে তাঁরা কোণঠাসা হয়ে পড়বেন। তাতে নারীর সম্মান বাড়বে, নিরাপত্তা বাড়বে, তাঁদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে। এখনই সময়, শুধু মুখে নয়, কাজেও নিজেকে নারীর প্রতি সহিংসতার বিরোধী হিসেবে প্রমাণ করার।