আসুন, খোরশেদের পাশে দাঁড়াই

মাত্রই ছয় মাস আগে ঋণ করে সিএনজিচালিত অটোরিকশাটি কিনেছিলেন তিনি। টানা ৩০ বছর অন্যের অটোরিকশা চালিয়ে এখন তিনি নিজেই একটি অটোরিকশার মালিক। চোখে স্বপ্ন, এই অটোরিকশার আয় দিয়েই ঋণটা শোধ করবেন। এরপর কিছুটা হলেও স্বচ্ছতা আনবেন সংসারে। কিন্তু নিয়তি! পিকেটারদের আগুনে সেই স্বপ্ন তো পুড়লই, সঙ্গে পুড়ল নিজের শরীরটাও।
৫ ডিসেম্বর নগরের চান্দগাঁওয়ে গুরুতর অগ্নিদগ্ধ অটোরিকশাচালক খোরশেদ আলম (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুয়ে এখন ছটফট করছেন। এখনো মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। অটোরিকশা নিয়ে রাস্তায় নামলে গাড়িটির ক্ষতি হতে পারে, এ আশঙ্কায় টানা অবরোধের সময় ঘরে বসে ছিলেন খোরশেদ। কিন্তু বাড়িওয়ালার বাড়ি ভাড়ার তাগাদা আর পরিবারের মুখের খাবার জোগাতে বাধ্য হয়েই ৫ ডিসেম্বর সকালে রাস্তায় বের হন তিনি। সকাল সাড়ে সাতটার দিকে একদল পিকেটার তাঁর অটোরিকশাটি থামিয়ে এর ভেতর ছোড়ে পেট্রলবোমা। এতে আগুনে শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় তাঁর। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সহায়-সম্বলহীন পরিবারটি সে সাহসও পাচ্ছে না।
চিকিৎসার খরচ কীভাবে জোগাড় হবে, সে চিন্তাই কুরে কুরে খাচ্ছে তাঁদের। ১০ দিনে খরচ হয়েছে ৪০ হাজার টাকারও বেশি। এর মধ্যে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ দিয়েছেন ১০ হাজার টাকা। আর বাকিটা পরিবার জোগাড় করেছে সব সঞ্চয় ও ঋণ থেকে।
স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে নিয়ে খোরশেদ আলমের সংসার। নগরের ফিরোজ শাহ কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তাঁরা। ছেলে আলম একটি পরিবারের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। কিন্তু বাবাকে নিয়ে কয়েক দিন হাসপাতালে ব্যস্ত থাকার পর খোঁজ নিয়ে জানতে পারলেন, সে চাকরিটিও নেই।
আলম জানান, অনেকে হাসপাতালে এসে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেগুলো আশ্বাস হিসেবেই রয়ে গেছে। এ অবস্থায় সমাজের বিত্তবানদের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। হূদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে বেঁচে উঠবেন খোরশেদ আলম। বেঁচে যাবে পরিবারটিও।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ১০২১০১৩১১৯৯৮, ডাচ্-বাংলা ব্যাংক।