আসুন, ৩২ লাখ কর্মঘণ্টা কাজে লাগাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে (সূত্র: প্রথম আলো, ২০ জুলাই ২০১৭)। তো এই যানজটে বসে শুধু গান শুনলেই হবে? ৩২ লাখ কর্মঘণ্টা কাজে লাগিয়ে দেশের উন্নতি করার চেষ্টাও তো করা উচিত। নষ্ট হওয়া সময়গুলোকে কাজে লাগানোর বুদ্ধি দিচ্ছেন রাফি আদনান

আমাদের কোচিং সেন্টারে ভর্তি হলে তুমি পাবে একটি ল্যাপটপ, একটি স্মার্টফোন বকবকবক...

কিন্তু ভাই, কোচিং তো আমি করব না, করবে আমার ছেলে। আমি আপাতত গুলিস্তান যাইতে চাই।

কী মামা, পরীক্ষা শ্যাষ হয় নাই? খাতা কিন্তু কাইড়া নিতে বাধ্য হমু কইলাম!

মামা না ভালো। দশ টাকা বাড়ায় দিমুনে যাও।

বাসের মিটিংয়েও এরা টাইম মেইনটেইন করতে পারে না, এদের দিয়ে হবেটা কী! রাবিশ!

ভ্রাম্যমাণ কোচিং সেন্টার

ফাঁকিবাজ ও অমনোযোগী ছাত্রদের জন্য এর চেয়ে ভালো পড়াশোনার পরিবেশ আর হবে না। একবার বাসে উঠিয়ে দিলেই নিশ্চিন্ত। এই বাস কোচিং সেন্টারের নিজস্ব মালিকানাধীন হবে। বাসে সার্বক্ষণিক গাইডলাইনের জন্য থাকবেন দায়িত্ববান শিক্ষকেরা। ঢাকার বাইরের শিক্ষার্থীরা একবার সায়েদাবাদ, গাবতলী বা সদরঘাট থেকে এই বাসে উঠে পুরো ঢাকা চক্কর দিলে ভর্তি পরীক্ষাগুলোও দিতে পারবে নিশ্চিন্তে। এতে করে ঢাকায় আবাসন সমস্যাও দূর হবে।

বাস ডেলিভারি সিস্টেম

শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে বাসে বসেই দিন পার করার মতো সময় এখন নেই। ইন্টারনেটের যুগে হোম ডেলিভারি সিস্টেম চালু হয়েছে। বাস ডেলিভারি সিস্টেমও চালু হওয়া সময়ের দাবি। বাসে বসেই মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে আপনি রোড নম্বর, বাস নম্বর, ঝুলে আছেন নাকি বসে আছেন—সব তথ্য ঠিকঠাকভাবে দিয়ে অর্ডার করুন। ডেলিভারিম্যান শপিং সেন্টারসহ আপনার কাছে চলে আসবে। বিল চুকিয়ে উল্টো পথে বাসার দিকে যাত্রা শুরু করুন হাসিমুখে!

বাসে চড়ে কর্মক্ষেত্রে যাওয়াকে ‘না’ বলুন

আর কতকাল বাসে চড়ে গরমে সেদ্ধ হয়ে অফিস করবেন? আর কতই-বা অফিসে দেরি করে গিয়ে খাবেন বসের বকা? সময় এসেছে বদলে যাওয়ার। আজই আপনার অফিসে গিয়ে আন্দোলন করুন, একটা ভ্রাম্যমাণ শাখা অফিসের জন্য। যে বাসে ডেস্ক থাকবে, এসি থাকবে, থাকবে উচ্চগতির ইন্টারনেট। যানজটে বসেই অফিস আওয়ার শুরুর সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিন। যতক্ষণ না বাস অফিসে পৌঁছায়, কাজে লেগে থাকুন, সাফল্য আসবেই।

করপোরেট মিটিং হোক লোকাল বাসেই

সাত কিলোমিটার বেগের বাসে চড়ে নির্দিষ্ট সময়ে মিটিং করা আজকাল রূপকথার গল্পের মতো। তাই অফিসের সবাই মিলে একটা বাসে উঠুন, শুরু করে দিন মিটিং। বাসের চারপাশে পর্দা টেনে, প্রজেক্টর বসিয়ে অফিশিয়াল পরিবেশও তৈরি করে নিতে পারেন। রাস্তায় পেছন থেকে কোনো বাহনের ধাক্কা বা হার্ডব্রেকের ভয় পাবেন না; সাত কিলোমিটার বেগের বাস কখনো ধাক্কা খায় না।

প্রশ্ন ও উত্তরপত্র থাকবে প্রতিটি স্টপেজে

১০ মিনিট পরই আপনার পরীক্ষা। এখনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে ৩০ মিনিটের বেশি লাগবে। নিকটস্থ বাস স্টপেজ থেকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, নিজের রোল বা আইডি বলে সংগ্রহ করে নিন প্রশ্ন ও উত্তরপত্র। স্বাধীনভাবে পরীক্ষা দিচ্ছেন বলে খুশি হবেন না। এই বাসের কন্ডাক্টর মামাকে কড়া গার্ড দেওয়ার নির্দেশ দেওয়া থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। পরীক্ষা শেষ তবু গন্তব্যে পৌঁছাননি, এমন হলেও চিন্তার কিছু নেই। বাসের হেলপার বা সুপারভাইজরের কাছে খাতা জমা দিয়ে বাসায় চলে যান। সময়ের অপচয় করা বোকামির লক্ষণ।

আবাসিক বাস সিস্টেম

আপনার গন্তব্য যদি ধানমন্ডি থেকে উত্তরা অথবা সায়েদাবাদ থেকে গাবতলী হয়, তাহলে আপনার জন্য দরকার আবাসিক বাস। আবাসিক বাসে থাকতে পারে থাকা-খাওয়াসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা। ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই বাসে বসতে পারবেন। তারপর ধীরে ধীরে গোসল, নাশতা করবেন, আয়েশ করে চায়ে চুমুক দিয়ে চোখ বোলাবেন পত্রিকায়। এভাবে একসময় দুপুর এলে সেরে নেবেন লাঞ্চ, তারপর একটা ভাতঘুম...।

ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সুবর্ণ সুযোগ

যানজটে বসে না থেকে আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের এই তো সুযোগ! আপনি যেকোনো বিষয়ে অভিজ্ঞ হলে বিশ্ববাজার থেকে ঘুরে আসতে পারবেন যানজটে বসেই। শুধু একটা ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করে সেরে ফেলতে পারবেন যাবতীয় কাজ। ওয়াই-ফাই-সুবিধা থাকবে বাসেই। মনে রাখবেন, প্রতিকূল পরিবেশ বলে কিছুই নেই, মানসিক শক্তিটাই প্রকৃত শক্তি। আপনার অর্জিত বৈদেশিক ডলার রেমিট্যান্স বাড়াবে, দেশের লোকসান যাবে কমে।

হকারদের ব্যবসায়িক পরিবর্তন

‘চামড়ার মানিব্যাগ এক শ টাকা’, ‘দশ দিনে কোরিয়ান ভাষা শিখুন’-টাইপের ব্যবসা আর নয়। হকার ভাইদের সময় হয়েছে হাতে বিরিয়ানির প্যাকেটসহ রাস্তায় নামার। সকালে বাসে উঠে দুপুর পর্যন্ত কেউ যদি গন্তব্যে পৌঁছাতে না পারেন, খিদের চোটে তঁার পেট জ্বলবে, ঘুরবে মাথা। এমন অবস্থায় হকারদের কাছ থেকে স্পেশাল লাঞ্চবক্স পেলে মন্দ কী?