আসেম সম্মেলনে যোগ দিতে ইতালি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতালির বাণিজ্যিক নগর মিলানে ১৭ ও ১৮ অক্টোবর (বৃহস্পতি ও

শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম আসেম (Asia-Europe Meeting বা ASEM) সম্মেলন। বাংলাদেশসহ এশিয়া-ইউরোপের প্রায় ৪৯টি দেশের সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবার সম্মেলনের প্রতিপাদ্য বিষয় রেসপনসিবল পার্টনারশিপ ফর গ্রোথ অ্যান্ড সিকিউরিটি।
এই সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ইতালির প্রধানমন্ত্রী মোত্তিও রেনজি, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হারমান ভন রমপুই ও ইউরোপীয় কমিশনের সভাপতি জোসে ম্যানুয়েল বাররোসো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
দুই দিনের এই সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হারমান ভন রমপুই। শেষ দিন শুক্রবার বেলা একটায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনটি শেষ হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠিত হয় আসেম। প্রতি দুই বছর পরপর এ অঞ্চলের বিভিন্ন দেশে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালটন হোটেলে অবস্থান করবেন। সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে ইতালি আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেম সম্মেলন শেষে শুক্রবার বিকেল পাঁচটায় এক গণসংবর্ধনায় যোগ দেবেন। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মিলানের সেন্ট্রো কংগ্রেচ্ছিতে ( Centro Congressi) এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে সর্বইউরোপীয় আওয়ামী লীগের নেতারাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা যোগ দেবেন। দলের পক্ষ থেকে মিলানের বিভিন্ন রাস্তায় শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙানো হয়েছে।
শেখ মোহাম্মদ সাহেদ
রোম, ইতালি