আস্থা, তোমাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থা ‘বেবি’, তোমার জন্য খুব মায়া হয়, একদম অন্তর থেকে। মাত্র এইটুকুন বয়সে তুমি এবিসিডি শিখছ, শিখতে হচ্ছে তোমাকে। তোমার বয়সে আমি তো স্কুল কী, তা-ই জানতাম না, স্কুল ড্রেস তো পরের কথা। জানতাম টুনটুনির বাসাটা কোথায়, কয়টা ডিম পেড়েছে (টুনটুনি বাসা বানাত ছোট গাছে, অনায়াসে নাগাল পেতাম)। বাসায় ভাত রেখে আসতাম। দিন কয়েক পর দেখতাম, ওই বাসাটা ছেড়ে টুনটুনির পরিবার চলে গেছে। আসলে আমি হিতে বিপরীত করে ফেলেছি। ভাত আর চাল খাওয়ার জন্য আসত পিঁপড়া, আর পিঁপড়ার যন্ত্রণায় ওরা পালাত। বৃষ্টির দিনে বদনা নিয়ে হেঁটে বেড়াতাম খেতের আইল ধরে, শামুকের জন্য। শামুক কাটতে গিয়ে কত যে হাত কেটে ফেলতাম। কী করব, আম্মা তো দিচ্ছেন না, দেরি করছেন, হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াতে হবে না...। মাঝেমধ্যে শামুকের সঙ্গে একগুচ্ছ সাদা ডিমও পেতাম। এত সুন্দর, এত সাদা আর তুলতুলে, তবু নিপুণ হাতে চেষ্টা করতাম একটা থেকে আরেকটা আলাদা করার (যদিও একটাও আলাদা করতে পারতাম না)। একদিন কে যেন দেখে ফেলে। বলে, ছি! এটা তো ব্যাঙের ডিম। আমি ভাবি, ব্যাঙের হলেও কী আর শামুকের ডিম হলেও কী। ঘেন্না করার কী আছে, সেটাই বুঝতাম না।টুনটুন আওয়াজ শুনলেই হন্যে হয়ে ঘুরতাম আঙিনায়, বাগানে...ভাঙাচোরা টিন আর বোতলের খোঁজে, বিনিময়ে পেতাম মিষ্টান্নজাতীয় একটা খাবার (তখন বলতাম মিঠা, আজও আমি জানি না, সত্যিকার অর্থে ওগুলো কী ছিল!)। খেজুরগাছের ফুলের জন্য সেই নানাটার পেছন পেছন ঘুরতাম। ওই ফুলগুলো যে আমাদের ভাত ছিল, ভাত ছাড়া খেলব কেমনে। কত যে উইপোকার কামড় খেয়েছি, সদ্য তোলা উইঢিবি থেকে বানাতাম আমাদের হাঁড়িপাতিল, তারপর রোদে শুকাতাম। মাঝেমধ্যে ভুলে যেতাম সন্ধ্যার পর ওগুলো ঘরে নিয়ে আসতে, হয়তো বৃষ্টিতে ভিজে সব একাকার হয়ে যেত। সে কী অবস্থা, চোখে পানি টলমল করত কিন্তু কাঁদতাম না, বাকরুদ্ধ হয়ে থাকতাম অনেকক্ষণ। সকালে ঘুম থেকে উঠেই পুকুরপাড়ে হাঁটতাম। না, কোনো শরীরচর্চা নয়...হাঁসের ডিমের জন্য, পেয়েও যেতাম (হাঁস নিজের ঘরে ডিম না পেড়ে মাঝেমধ্যে বাইরে পাড়ত)। নির্মল একটা সুখে ছেয়ে যেত মনপ্রাণ...। সেই ডিমটার ভাজা অংশ থেকে একটু বেশিই যেন পাওয়া হয়, সেটাও বলে রাখতাম...।একবার আমাদের বাড়ির কাছাকাছি হেলিকপ্টার নেমেছিল। সে কী পড়িমরি দৌড়...। বাড়ির আঙিনা পার না হতেই ধপাস...। পায়ের কাটা দাগটা আজও সেই স্মৃতি জীবন্ত করে দেয়। কড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা একটা বড়শির ছিপ হাতে কিংবা একটা রাজা ফড়িংয়ের পেছনে বসে থাকতাম। এক শ কেন, কয়েক শ বার ব্যর্থ হলেও কিছু যায়-আসত না।বয়স যখন পাঁচ বছর, তখন আমার মা আমার জন্য প্লাস্টিকে মোড়ানো রঙিন একটা বই এনে দেন। আমার এত ভালো লাগত, যখন বইটা আম্মা পড়তে দিতেন (সব সময় দিতেন না, পাছে নষ্ট হয়ে যায়)। ‘ঃ’ দিয়ে লেখা ছিল দুঃখী, একটা কান্নামাখা ছেলের ছবি, ছেলেটার কান্না দেখে আমারও কান্না আসত মাঝেমধ্যে...।একি, আমার চোখে অশ্রু টলমল করছে এই ২৩ বছর বয়সেও...। আস্থা বেবি, আর কিছু শুনবে? (আস্থার ইশ্কুল, ৫৫১তম সংখ্যা দ্রষ্টব্য)।নামপ্রকাশেঅনিচ্ছুক