আমার মেয়ের এক বছর হয়নি তখন। হঠাৎ একদিন মুখে বু বু আওয়াজ করতে থাকে সে। তার মা উল্লাসে চিৎকার করে ওঠে: আব্বু আব্বু বলছে! তবু আমার সন্দেহ যায় না। এইটুকু একটা পুঁটলি, ও কীভাবে আব্বু বলবে! তার ঠোঁটের কাছে গিয়ে কান পাতি, মেয়ে শব্দ করা বন্ধ করে দেয়। গভীর বিরক্তি নিয়ে তাকায়। সে জন্ম থেকে তার বাবার বিরক্তিতে কুঁচকানো কপাল পেয়েছে। আরও যখন ছোট সে, মাত্র কয়েক মাস বয়স, একদিন আমি তাকে হাত ধরে দাঁড় করিয়ে চিৎকার করে উঠি: আস্থা বেবির আগমন! শুভেচ্ছা স্বাগতম!! সে স্লোগান বোঝে না, নিজের নাম যে আস্থা, তাও তখন জানে না। তাই তার কপালের ভাঁজ যায় না। তবে ঘন ঘন শুভেচ্ছা পেয়ে সেও গলে যায় একসময়। সারা মুখ উদ্ভাসিত করে খিলখিল করে ওঠে। তারপর যত দিন এই স্লোগান দিই, প্রথমে তার কপালে ভাঁজ, তারপর হাসি।আস্থার তিন বছর হলো এ বছরের ১১ মার্চ। এত দিনে সে গান গাইতে শিখেছে। তবে সেটি তার বাবার চেয়েও হেঁড়ে গলায় এবং অদ্ভুত উচ্চারণে। সে গায়: গরো বোনদু আমার কেও নাই (আসলে, ধরো বন্ধু আমার কেহ নাই), কিংবা হোয়াকেন আই দুটু এ এ লাব মি (আসলে, হোয়াট ক্যান আই ডু টু মেক ইউ লাভ মি)। আমরা গভীর সমঝদারের মতো শোনার চেষ্টা করি। রিমঝিম হেসে উঠলে তার ছুটে এসে কিল-ঘুষি। সঙ্গে সজল চিৎকার: দুষ্টু করসো কেন!আস্থা এখনো অনর্গল কথা বলতে শেখেনি। মায়ের কোল কিংবা বাবার বুক ছাড়া ঘুমোতে শেখেনি। জামাকাপড় একাকার না করে আইসক্রিম খাওয়া শেখেনি। এখনো সে মাঝেমধ্যে প্রায় উদাম হয়ে থাকতেই বেশি পছন্দ করে। রাস্তায় টিয়া রঙের গাড়ি দেখলে মিস্টার বিনকে খুঁজতে থাকে। ফুটপাতের ধুলোয় গড়াগড়ি খাওয়া শিশু দেখলে বাবু বাবু বলে ডেকে ওঠে। এখনো কয়টা বাজে বললে সে হেসে বলে, সাড়ে তিন টাকা! বিশ্বকাপের উল্লাস শুনলে নেচে উঠে বলে—বাংলাদেশ, বাংলাদেশ!কিন্তু তিন বছর পার হলে স্কুলে দিতে হয় বিশ্বায়নের যুগে। স্কুলে দেওয়ার চিন্তা করতে হয় তারও অনেক আগে। হঠাৎ তা খেয়াল হতেই গত ডিসেম্বরে ছুটে যাই সানিডেলে। এ বছরের ভর্তি নাকি তিন মাস আগেই শেষ! তাহলে কি জুলাই ২০১১ সালের জন্য ভর্তি করা যাবে? ভর্তি-মিস জিজ্ঞেস করেন: তখন বয়স কত হবে? চার বছর চার মাস। তিনি গম্ভীরভাবে বলেন: শি উইল বি টু ওল্ড ফর প্লে-গ্রুপ দেন! আমার পিচ্চিটা হবে টু ওল্ড! পুরোপুরি ভড়কে যাই আমি। মায়া হয় ভর্তি-মিসের। ফরম দেন ২০১০ সালের জুলাই সেশনে ভর্তির জন্য। জানুয়ারিতে ইন্টারভিউ!প্রাচী আস্থার জন্য বই কিনে রেখেছে, এ বি সি ডি শিখিয়েছে। রিমঝিম শিখিয়েছে সানডে, মানডে! আমি মেয়ের সঙ্গে গল্প করি: আম্মু, তুমি স্কুলে যাবে, এ রকম করে মাথা আঁচড়াবে, ক্লিপ দেবে, পিংক কালারের ব্যাগ নেবে, বাবুদের সঙ্গে খেলবে, আইসক্রিম খাবে, ডান্স করবে! আমার গল্প পছন্দ হয় তার। কিন্তু এত কিছুর পরও ইন্টারভিউ নিয়ে টেনশন দূর হয় না আমাদের। ইন্টারভিউয়ের দিন পৌঁছে যাই আধঘণ্টা আগে। স্কুলের বারান্দায় এতক্ষণ চুপচাপ বসে থাকার মেয়ে নয় সে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করি সামনের ছোট চত্বরে। মনে মনে উদ্বিগ্ন হই: কর্তৃপক্ষ না রেগে যায় এতে! ইন্টারভিউয়ের সময় মাঝখানে সে। দুই পাশে তার মা-বাবা। টেবিলের অন্য পাশে দুই শিক্ষিকা। খেলনা নাকি পেনসিল কি একটা দেখিয়ে তাঁরা কালার জিজ্ঞেস করেন। আমি মনে মনে সূরা পড়ি। প্রাচী বারবার স্নেহে নুয়ে পড়ে—বলো মা, কালার বলো। মেয়ে বলে। কারেক্ট আনসার! ‘ইন্টারভিউ’ এখানেই শেষ। হবে তার ভর্তি! আমার হঠাৎ মনে হয়, এখন যদি চিৎকার করে বলতে পারতাম: আস্থা বুড়ির আগমন, শুভেচ্ছা স্বাগতম! ভাগ্যিস বলিনি। তাহলে পাগলের মেয়ে হওয়ার অপরাধে সেখানেই হয়তো ভর্তি বাতিল হয়ে যেত তার।২৫ জুলাই তার প্রথম ক্লাস। অনেক দিন ধরে প্রস্তুত করা হয়েছে তাকে এই দিনের জন্য। স্কুলে তার নাম লাভিনা, তা শেখানো হয়েছে। তার ক্লাস, সেকশন, রোল নম্বর শেখানো হয়েছে। টিফিন বক্স, ওয়াটার ফ্লাস্ক, রং-বেরঙের স্কুলব্যাগ কেনা হয়েছে। স্কুলযাত্রার আগে রিহার্সেল করে পোশাকও নির্বাচন করা হয়েছে। বহু দিনের বর্ণনামতো সে তার মা-বাবা আর বোন রিমঝিমকে নিয়ে গাড়িতে করে স্কুলে রওনা দিয়েছে। কাঁধে ব্যাগ নিয়ে সে আমাদের মাঝখানে বসেছে। আমি তার গলায়-চিবুকে চুমু দিই। সে কেমন শান্ত-স্থিত চোখে তাকায় আমার দিকে। হঠাৎ মনে হয়, কী দরকার ওকে স্কুলে পাঠানোর। তার চেয়ে বাসায় বসে খেলুক সে, সারা দিন দুষ্টুমি করুক, সামিনা-মিনা গান শুনতে শুনতে সারা ঘর নেচে বেড়াক!কিন্তু আমার সাহস নেই বিপ্লব করার। স্কুলের সামনে জলরং রোদ, আশপাশে নানা রঙের মিছিল, সেই মিছিলে আরও বহু আস্থার হাত ধরে মা-বাবাদের চনমনে ভিড়। ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, কোলে তুলে আঁকড়ে রাখছে কেউ সন্তানকে তখনো। আমরা বরং মিশে যাই সেই ভিড়ের পরিবারে।১১টা বাজে, ডে সেকশনের জন্য দরজা খোলা হয়েছে। আমাদের অভিভাবক-পরিবার ভেঙে গেছে। সন্তানের হাত আঁকড়ে ধরে স্কুলের দরজায় পৌঁছে দেওয়ার অস্থিরতা সবার মধ্যে। আস্থাও কোল থেকে নেমেছে, দরজায় থাকা মিসের হাত ধরেছে, একবার অর্ধেক ঘাড় ঘুরিয়েছে, আমাকে কি শেষবারের মতো দেখতে পেরেছে সে!প্রাচী আর রিমঝিমকে নিয়ে গাড়ি চলে যাবে, আমি যাব কাছেই, স্টেট ইউনিভার্সিটিতে। গাড়ি বিদায় হয়েছে, রিকশা খুঁজতে কিছু দূর যাই। হঠাৎ কী যে হয় আমার। আবার ফিরে আসি স্কুলের দরজায়। সব বাচ্চা ভেতরে প্রবেশ করেছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ দরজার সামনে তবুও অনড় অনেক মা-বাবা। দরজার ওপাশ থেকে তারস্বরে কাঁদছে একজন বাবু। একজন না, আসলে দু-তিনজন! বুক ধক করে ওঠে। ভিড় ঠেলে আরও সামনে এগোই, ভালো করে কান পাতি, কান্নাগুলো আলাদা আলাদা করি। একটাও আমার আস্থার নয়।আমি তার কান্নার শব্দ চিনি। তার গায়ের গন্ধ, সবচেয়ে আলতো স্পর্শ, চিৎকারের তীক্ষতা সব চেনা আমার। জানি, স্কুলগেটের ওপারের কোনো কান্নাই আস্থার নয়। তবু কেন চোখ ভিজে যায় আমার! তা কি শুধু তার স্কুলযাত্রার আনন্দে? আমি জানি না।আসিফ নজরুল