আহত আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম নিয়ে আমাদের দেশে কত বছর ধরে কাজ হচ্ছে, তার সঠিক হিসাব আমার জানা নেই। শুরুর দিকে এত জোরালোভাবে শুরু হয়নি। কারণ, তখন সচেতনতার অভাব ছিল। মা-বাবারা এ রকম সন্তান লোকচক্ষুর অন্তরালে রাখতেই তৎপর ছিলেন বেশি।

এই ২০ বছরে অনেক পরিবর্তন হয়েছে। অটিজম সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। নিঃসন্দেহে তা আনন্দের এবং উদ্বেগেরও বটে। কারণ, এত স্কুল হওয়ার কারণ হলো ক্রমেই এই সমস্যাক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আমি অবাক হয়ে যাই যখন দেখি এসব স্কুলেও শিশুর ভর্তির ব্যাপারে নিষেধ আছে। প্রত্যেকেই বিভিন্ন লেভেলের বিভিন্ন বয়সের অটিজম শিশু, যাদের জন্য স্কুল খুব প্রয়োজন। স্কুল কর্তৃপক্ষও তাদের ব্যক্তিগত দুর্বলতার কারণেই চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠিত করে। কিন্তু পরবর্তী সময়ে তা ভুলে যায়। স্কুল চালানোর কোনো সহজ পদ্ধতি খুঁজে বেড়ায়। ভুলে যায় তাদের চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি। আমি কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে।

কোনো শিশুর বয়স ৫ অথবা ১০ বছরের চেয়ে বেশি হলে, এসব শিশুর কোনো স্থানীয় স্কুলে ভর্তি হওয়া কিছুটা কঠিন। এদের ম্যানেজ করা কিছুটা কঠিন হয়। অনেক খাটুনির প্রয়োজন। যাদের লেভেল ভালো, তাদের হয়তো নেওয়া হয়। এই আচরণ কি এসব স্কুল কর্তৃপক্ষের জন্য ঠিক?

আরও দেখা যায়, মা-বাবা কোনো কারণে স্কুল কর্তৃপক্ষের প্রতি অসন্তুষ্ট অথবা হয়তো মনে করেছেন তাঁর সন্তানের কোনো উন্নতি হচ্ছে না, তখন তাকে অন্য কোনো পছন্দের স্কুলে স্থানান্তরিত করছেন, এই কাজটি কতটুকু যুক্তিযুক্ত? এমন কেন ঘটবে?

স্পেশাল স্কুলগুলোতে অবশ্যই শিক্ষক ও অভিভাবক মিলিত প্রচেষ্টায় শিশুদের নিয়ে কাজ করতে হবে। অভিভাবকদের অবশ্যই তাঁদের বিশেষ সন্তান এবং তার জন্য কী ধরনের কার্যক্রম ধার্য করা হয়েছে, তার একটি স্পষ্ট ধারণা দেওয়া উচিত। যেন অভিভাবকেরা জানতে পারেন তাঁদের সন্তান কী করছে? তাদের উন্নতি কতটুকু হচ্ছে? আমি বলতে চাইছি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক অবশ্যই প্রয়োজন। তাদের পরস্পরের প্রতি এই সম্পর্ক, বিশ্বাস ও সম্মানবোধের মাঝে শিশুটির উন্নতি অনেকাংশেই নির্ভর করে।

আমাদের দেশে বিশেষ শিশুদের নিয়ে অনেক ভালো কাজ হচ্ছে, যা অন্যান্য উন্নত দেশের তুলনায় কোনো অংশে কম নয়। কিন্তু দেখা যায়, একটা নির্দিষ্ট সময় বা বয়স পার হলে অর্থাৎ যখন তারা বয়ঃসন্ধিকালে তাদের উন্নতি তুলনামূলকভাবে কম হচ্ছে। তাদের জন্য নির্ধারিত কারিকুলাম হয়তো তাদের সময় অনুযায়ী অথবা বয়স অনুপযোগী হচ্ছে না। তবে যারা পড়াশোনা করছে, তাদের কথা আলাদা, তারা মোটামুটি ভালো হচ্ছে। কিন্তু যারা চ্যালেঞ্জিং আচরণ করে, তাদের ক্ষেত্রে উন্নতি তুলনামূলকভাবে কম হচ্ছে। তাদের যে কিছু ক্ষেত্রে ভালো দক্ষতা আছে বা কিছু ক্ষেত্রে দক্ষ করা যায়, তার উপায় বের করে আনা যাচ্ছে না, এটাই আমার উদ্বেগের কারণ।

এ কারণেও অভিভাবকেরা তাঁদের সন্তানকে এক স্কুল থেকে অন্য স্কুলে নিতেন। কেউ অন্য স্কুলে স্থানান্তরিত হতে পারে, আবার কেউ পারে না। ফলে তারা স্কুলের কার্যক্রম থেকে বঞ্চিত হয়। এটা কি উচিত? কোথাও কি আমাদের ভুল হচ্ছে না? বিহেভিয়ার ম্যানেজমেন্টের এক ট্রেনিং শিখেছিলাম, বিশেষ শিশুকে বুঝতে হলে তার মতো ভাবতে হবে। চিন্তা করতে হবে, তবেই তাকে তার জায়গা থেকে আমাদের জায়গায় আনতে পারব।

যদি আমাদের মূল্যবোধ ও প্রতিশ্রুতির কথা মনে রাখি, তাহলে এমন সমস্যা ঘটবে না এবং ঘটলেও তার মোকাবিলা করা সহজ হবে।

আমার এ লেখা কাউকে কটাক্ষ বা ছোট করার জন্য নয়। কারণ আমরা যাঁরা শিক্ষক ও অভিভাবক তারা আগে নিজেদের ঠিক না করে বিশেষ শিশুদের ঠিক করতে পারি না। এটা কখনো সম্ভব না।

আশা করি এ পরিস্থিতির অবসান একদিন ঘটবে। সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ শিশুদের প্রতি অফুরন্ত ভালোবাসা।

 নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বিশেষ শিশুর মা