আহত শকুনটি ফিরে গেল বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু থেকে উদ্ধার করা বিরল প্রজাতির শকুনটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাবলাখালী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসার পর সুস্থ হয়ে শকুনটি বনে ফিরে গেছে বলে জানা গেছে।বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়নের দোসরপাড়া এলাকায় স্থানীয় লোকজন শকুনটি দেখতে পান। পরে লংগদু বন বিভাগের কর্মীরা আহত অবস্থায় শকুনটি উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় প্রাণীসম্পদ কার্যালয়ে পাখিটিকে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ করে তোলার পর গত ৩১ ডিসেম্বর সোমবার পাখিটি ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ ও বিশেষজ্ঞদের মতে, ধরা পড়া পাখিটি বিপন্ন বাংলা শকুন প্রজাতির। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে একসময় প্রচুর শকুনের দেখা মিললেও এখন এরা বিপন্ন। দোসরপাড়া গ্রামের রাসেল চাকমা বলেন, ‘সকালে বাড়িতে বের হয়ে দেখি আহত অবস্থায় পড়ে আছে একটি শকুন। কয়েকজন গ্রামবাসীর সহায়তায় পাখিটি ধরে ফেলি। দেখে মনে হয়েছে পাখিটিকে কেউ গুলি করেছিল। এরপর বন বিভাগের কর্মীদের খবর দিলে তাঁরা পাখিটি নিয়ে যান।’ শকুনটির ওজন নয় কেজি বলে তিনি জানান। পাবলাখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘শকুনটি লংগদু থেকে এনে পাবলাখালী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ হত্যা করার জন্য এটিকে গুলি করেছে। চার দিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হওয়ায় ছেড়ে দেওয়া হয়। এ প্রজাতির শকুন এখন বিলুপ্তির পথে।’