আহমেদিনেজাদের ‘রাসপুতিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি বিপ্লবের বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান। এতে সরকারের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত প্রেসিডেন্টের চিফ অব স্টাফ এবং ‘ঘনিষ্ঠ বন্ধ’ু ইসফেন্দিয়ার রাহিম মাশেয়িও। বরাবরের মতোই নেতাদের আড়ম্বরপূর্ণ বক্তৃতামালা ও জাতীয় পতাকা নিয়ে জনতার উল্লাস চলল। তবে অনুষ্ঠানশেষে ফেরার জন্য অতিথিরা যখন গাড়িতে উঠতে যাবেন, তখনই অবতারণা হয় খুবই ব্যতিক্রমী এক দৃশ্যের। মাশেয়িকে অভিশাপ দিয়ে এক নারী চিৎকার করে বলেন, ‘মরো, মাশেয়ি।’ কয়েক মিনিট ধরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলির শিকার হন মাশেয়ি। একপর্যায়ে দেহরক্ষীরা হস্তক্ষেপ করে দ্রুত সরিয়ে নিয়ে যায় তাঁকে।ইসফেন্দিয়ার রাহিম মাশেয়িকে ঘিরে ইরানে গত কয়েক বছরে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সঙ্গে গভীর সখ্য, প্রেসিডেন্টের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে আত্মীয়তা গড়া, ধর্ম সম্পর্কে প্রথার বাইরে বিভিন্ন মন্তব্য প্রভৃতি কারণে আলোচিত হন ৫১ বছর বয়সী মাশেয়ি। ধর্মীয় নেতাদের অনেকে তাঁকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভিত্তির প্রতিই হুমকি মনে করেন। অথচ আহমেদিনেজাদ মাশেয়িকে দেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবেই গড়ে তুলছেন বলে মনে করা হচ্ছে। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কট্টর সমর্থকদের অনেকেই ক্ষুব্ধ। রক্ষণশীলদের মধ্যে মাশেয়িকে নিয়ে সম্প্রতি উদ্বেগ আরও বেড়েছে। কট্টরপন্থীদের কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। ইরানের ইতিহাসে এটি সবচেয়ে বড় (২৬০ কোটি ডলার) অর্থ কেলেংকারি। এ অভিযোগ সত্যি প্রমাণিত হলে মাশেয়ির তো কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছেই, উপরন্তু আহমেদিনেজাদের জন্যও বড় ধরনের আইনি জটিলতা দেখা দিতে পারে। আত্মসাতের ওই কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে মাশেয়ির এক আত্মীয় গ্রেপ্তার হন। রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ একজন সহযোগীর ছেলে মেহদি খাজালি বলেন, ‘পর্দার পেছনে আহমেদিনেজাদ ও মাশেয়ি এক এবং অভিন্ন। আহমেদিনেজাদ খামেনি ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে গুরুতর লড়াইয়ে লিপ্ত। তাঁর লক্ষ্য, সর্বোচ্চ নেতাকে নিষ্ক্রিয় করে ফেলা।’ বলা হয়, প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মতো মাশেয়িও বেশ উচ্চাভিলাষী। লেখাপড়ায় তিনি তড়িৎ প্রকৌশলে স্নাতক। সত্তরের দশকের শেষদিকে সমগ্র ইরান যখন বিপ্লবে আন্দোলিত, স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করেন। ইসলামপন্থীদের হাতে পাশ্চাত্যপন্থী শাহ ক্ষমতাচ্যুত হওয়ার পর গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মী হিসেবে নিজ শহরে কাজও করেন। আহমেদিনেজাদ ইরানের একটি প্রদেশের গভর্নর থাকাকালে মাশেয়ির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শান্তিবাদী প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্টের বিশ্লেষক করিম সাজাদপউর মাশেয়িকে আখ্যায়িত করেছেন ‘আহমেদিনেজাদের রাসপুতিন’ বলে।আহমেদিনেজাদের দুই দফা প্রেসিডেন্ট মেয়াদকালে মাশেয়িকে ঘিরে অসংখ্য বিতর্ক তৈরি হয়। ইসরায়েলিদের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে বলে ২০০৮ সালে মন্তব্য করেন তিনি। আবার প্রাক-ইসলাম যুগের প্রশংসাসূচক একটি মন্তব্য করেও আলোচনার ঝড় তোলেন। মাশেয়ির ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক রয়েছে। তারকাখ্যাতি প্রত্যাশী একাধিক তরুণীর সঙ্গে তাঁর মেলামেশা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে তিনি সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি করেন ধর্মীয় নেতাদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে। কট্টরপন্থী রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা এতে ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু মাশেয়ি কখনোই নিজের অবস্থান থেকে সরেননি। শত প্রতিকূলতার মুখে মাশেয়ি সম্পর্কে আহমেদিনেজাদের অবস্থানও অপরিবর্তিত থাকে। মাশেয়ি বর্তমানে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধিসহ এক ডজনেরও বেশি সরকারি পদ দখল করে আছেন। এ ছাড়া তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আহমেদিনেজাদের নিয়মিত সফরসঙ্গী।মাশেয়ির ব্যাপারে অটল অবস্থানের কারণে মূল্য দিতে হচ্ছে আহমেদিনেজাদকে। সর্বোচ্চ নেতা খামেনি এবং প্রভাবশালী ‘বিপ্লবী রক্ষী বাহিনীর’ সঙ্গে তাঁর তিক্ততা সৃষ্টি হয়েছে। এমনকি তিনি প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ করতে পারবেন কি না সে ব্যাপারেও কেউ কেউ সন্দিহান। আহমেদিনেজাদের দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো নোংরা অপপ্রচার। পর্যবেক্ষকেরা মনে করেন, ইরানের অভ্যন্তরীণ এসব বিরোধ বেশি দিন দমিয়ে রাখা যাবে না। আগামী পার্লামেন্ট নির্বাচন এবং ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবশ্যই এর প্রতিফলন দেখা যাবে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মাশেয়ির প্রতিদ্বন্দ্বিতার জোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষক আমিরাহমাদি বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার সাধ মাশেয়ির অবশ্যই আছে। আহমেদিনেজাদেরও ইচ্ছে, তিনি পরবর্তী প্রেসিডেন্ট হন।’ সম্ভবত এ কারণেই ইরানের প্রেসিডেন্টের দপ্তরই বিলুপ্ত করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আশিস আচার্য