জনপ্রিয় কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব। তাঁর মেয়ে শবনম আহসান। পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। জানালেন তাঁদের পছন্দ-অপছন্দের কথা।

১. যা করে সবচেয়ে বেশি আনন্দ পাই...
আহসান হাবীব: একটা ভালো কৌতুক আবিষ্কার করে!
শবনম আহসান: কোনো কিছু মনের মতো আঁকতে অথবা বানাতে।
২. দিনের প্রিয় মুহূর্ত...
আহসান হাবীব: রাতে ভালো কোনো মুভি দেখা।
শবনম আহসান: গভীর রাতে কফি খেতে খেতে মুভি দেখা।
৩. প্রিয় গ্যাজেট...
আহসান হাবীব: শুধু ফোন করা যায়—এমন একটা মুঠোফোন।
শবনম আহসান: মুঠোফোন, যেটাতে ফোন ছাড়াও অনেক কিছু করা যায়।
৪. প্রিয় লেখক...
আহসান হাবীব: সুনীল গঙ্গোপাধ্যায়, হুনমায়ূন আহমেদ।
শবনম আহসান: সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হুয়মায়ূন আহমেদ, সৈয়দ মুজতবা আলী, রোয়াল্ড ডাল, স্টিফেন কিং এবং আরও অনেকে।
৫. প্রিয় কার্টুনিস্ট...
আহসান হাবীব: মেহেদী হক, তন্ময়।
শবনম আহসান: বাংলাদেশে বাবা (আহসান হাবীব), মেহেদী হক, আসিফুর রহমান আর বিদেশে হার্জ।
৬. ঢাকার যে রাস্তাটা সবচেয়ে প্রিয়...
আহসান হাবীব: বইমেলার সময় শাহবাগের রাস্তাটা।
শবনম আহসান: যে রাস্তাটা থেকে বাঁয়ে ঘুরলে আমার বাসা।
৭. কোনটা পেতে বেশি ভালো লাগে, চিঠি নাকি এসএমএস?
আহসান হাবীব: এখনো চিঠি।
শবনম আহসান: চিঠি অনেক আনন্দের। এসএমএস তো সাধারণ।
৮. ছেলেবেলার নায়ক...
আহসান হাবীব: আমার সুপুরুষ বাবা (পুলিশের পোশাক পরা)।
শবনম আহসান: আমার কার্টুনিস্ট বাবা। ছোটবেলায় প্রায়ই তাঁর পাশে বসে অবাক হয়ে কার্টুন আঁকা দেখতাম।
৯. যে খাবারটা অমৃত মনে হয়...
আহসান হাবীব: প্রচণ্ড ক্ষুধার সময় যেকোনো বাঙালি খাবার!
শবনম আহসান: আপাতত পাস্তা। এ ছাড়া খিচুড়ি অনেক প্রিয়।
১০. সুযোগ পেলে যে গ্রহ থেকে ঘুরে আসতে চাই...
আহসান হাবীব: প্লুটো (যদি তার গ্রহত্ব এখনো থেকে থাকে)
শবনম আহসান: আমারও ছোট্ট প্লুটোই প্রিয়।
১১. যে কথাটা বারবার শুনতে ইচ্ছা করে...
আহসান হাবীব: ‘এবারের উন্মাদটা হাসির হইছে!’
শবনম আহসান: ‘এষার (আমার ডাক নাম) এত বুদ্ধি!’
১২. প্রিয় পোশাক...
আহসান হাবীব: প্যান্ট-শার্ট (হাতের কাছে যেটা রেডি থাকে)।
শবনম আহসান: ফতুয়া-জিনস। মাঝেমধ্যে শাড়ি পরতে ভালো লাগে।
১৩. যে সংগীতশিল্পীর কণ্ঠ এক দিনের জন্য নিজের হলে ভালো লাগত...
আহসান হাবীব: আজম খান।
শবনম আহসান: মনে হয় এড শিরান।
১৪. যাঁর অভিনয় দেখে মুগ্ধ হই...
আহসান হাবীব: শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী (হাসির নাটকে)।
শবনম আহসান: অড্রে হেপবার্ন, টম হ্যাঙ্কস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্রিশ্চিয়ান বেল, মেরিল স্ট্রিপ, এডওয়ার্ড নরটন, এমা স্টোন, এডি রেডমেইন, ফেলিসিটি জোন্স...বলে শেষ করা যাবে না।
১৫. প্রিয় ঋতু...
আহসান হাবীব: বর্ষাকাল।
শবনম আহসান: শীতকাল।
১৬. অবসরের প্রিয় সঙ্গী...
আহসান হাবীব: বই।
শবনম আহসান: বই, মুভি আর গান।
সাক্ষাৎকার: মাহফুজ রহমান