আহা কী আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহা কী আনন্দ আকাশে বাতাসে....। ফেব্রুয়ারির ৯ তারিখে আকাশ-বাতাসের এই আনন্দ নেমে এসেছিল রামপুরা আফতাবনগরের ইমপিরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসে। উপলক্ষ বার্ষিক বনভোজন। তাই চলছে গ্রামীণ মেলা, বসন্তবরণ, ঘুড়ি উৎসব, নাগরদোলা, পুতুলনাচ, বানর খেলা, সাপ খেলা, হাওয়াই মিঠাই, শ্যুটিং, সেই সঙ্গে টিয়াপাখির ভাগ্যগননা!এখানেই শেষ নয়, আরও ছিল কুদ্দুস বয়াতির দলের জারি গান এবং চাঁপাইনবাবগঞ্জের নানা-নাতির গম্ভীরা। একসঙ্গে এত কিছু! তাহলে বাতাসে আনন্দের ঢেউ না উঠে উপায় আছে? আনন্দে ভাসছে শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে শিক্ষকেরাও।এ সময়ই কথা হলো ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হকের সঙ্গে। বেশ উচ্ছ্বাসের সঙ্গে জানালেন, ‘এমন নির্মল আনন্দ দিতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি একটা সত্যিকারের বনভোজনের আবহ তৈরি করতে। তাই ঢাকা শহরের মধ্যেই বেছে নিয়েছি এই সবুজে ঘেরা জায়গাটা।’আর যাদের জন্য এই আয়োজন তাদেরই একজন পিংকির অভিমত, ‘এত দিন বইয়ের পাতায় পড়েছি স্নেক চার্মার, আজ স্বচক্ষে দেখা হলো সাপের খেলা! ওহ কী যে ভালো লাগছে!’ ভালো লাগার এই ব্যাপ্তি ছিল দিনব্যাপী।