শিক্ষা
আহা কী আনন্দ গবেষণায়
আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার চর্চা চোখে পড়ে খুব কম। অথচ ভিনদেশের নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের শুরু থেকেই বিভিন্ন গবেষণায় যুক্ত হয়ে যান। এমআইটি, স্ট্যানফোর্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শিক্ষার্থীরা পড়ছেন, তাঁরাও করোনাভাইরাসের এ মহামারিতে ক্যাম্পাস বন্ধের সময়টা কাজে লাগিয়েছেন গবেষণায়। বিজ্ঞানের খটমট বিষয়গুলো নিয়েও ঘরে বসে তাঁরা কাজ করেছেন। গবেষণার আনন্দ তাঁরা জানেন, তাই ভাগাভাগি করেছেন নিজেদের অভিজ্ঞতা।
স্যাটেলাইটের ছবি থেকে ঝুঁকিপূর্ণ স্থাপনার খোঁজ
ফাহিম তাজওয়ার
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
আমি পড়াশোনা করেছি গণিত ও কম্পিউটার বিজ্ঞান নিয়ে। এ পর্যন্ত তিনটি গবেষণা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। দুটো অভিজ্ঞতার কথা বলছি। ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টেফানো এরমনের সঙ্গে আমি তাত্ত্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা (মূলত কম্পিউটার ভিশন) ব্যবহার করে স্যাটেলাইটে প্রাপ্ত চিত্র থেকে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা এবং অবস্থান নির্ণয় করা ছিল গবেষণার বিষয়বস্তু। মূল গবেষণা দলের তিনজনের মধ্যে সবার ছোট আমি। আমাদের উদ্ভাবিত এ পদ্ধতি বাংলাদেশের প্রায় সাত হাজার ইটভাটা স্যাটেলাইটের ছবি থেকে চিহ্নিত করতে পেরেছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে আমি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ট্যানগু মায়ের সঙ্গে তাত্ত্বিক কৃত্রিম গবেষণা নিয়ে কাজ করছি। গবেষণাটি কেবল শুরু হয়েছে। এর উদ্দেশ্য—নতুন শ্রেণি চিহ্নিত করা। গাণিতিক বা পরিসংখ্যানভিত্তিক কাজ থেকে শুরু করে ব্যবহারিক, সব রকম কাজই আমাকে করতে হচ্ছে।
গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন প্রশ্ন খুঁজে বের করা। এ ক্ষেত্রে একজন গবেষকের আগের গবেষণার ফলাফল সম্পর্কে খোঁজ নিতে হয়, অধ্যাপকের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে হয়, এরপর অভিজ্ঞ কারও পরামর্শের ভিত্তিতে কোনো একটি ধারণার ওপর নির্ভর করে পরীক্ষা–নিরীক্ষা শুরু হয়।
কেউ যদি গবেষণা করতে চায়, আমি মনে করি, সবার আগে নিজ বিষয়ের ভিতটা শক্ত করতে হবে। এরপর যেসব বিষয়ে আগ্রহ আছে, সেসবের অধ্যাপক বা পিএইচডির শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একজন অধ্যাপক বা মেন্টরের তত্ত্বাবধানে কাজ শুরু করে দেওয়া যায়।
মস্তিষ্কের ভাষা বোঝার চেষ্টা
আহমেদ জাওয়াদ চৌধুরী
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্র
২০২০ সালে আমার সামার সেমিস্টার কেটেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ক্যাম্পাসে। কিন্তু পরিকল্পনামতো ম্যাকগভার্ন ইনস্টিটিউট ফর ব্রেইন রিসার্চে নয়, কাজ করতে হয়েছে ডর্ম রুমের ডেস্ক থেকে। প্রকল্পটি ছিল অধ্যাপক এভ ফেডরেঙ্কোর গবেষণাগারে, আর আমার তত্ত্বাবধায়ক ছিলেন আনিয়া ইভানভা।
গবেষণার মূল প্রশ্নটি ছিল, মানুষ যখন কোনো কিছু চিন্তা করে এবং মনের ভেতরে নিজের সঙ্গে কথা বলে, তখন মস্তিষ্কের ভাষাভিত্তিক অংশগুলোতে কী হয়? এখন প্রথম প্রশ্ন হলো, মনের ভেতরের কথা আমরা মাপব কী করে! সব মানুষ ভাষা দিয়ে চিন্তা করে না। সিনেমায় দেখি, নায়ক তার মনের কথা দর্শককে সরাসরি বলে দিচ্ছে। কিন্তু অনেক মানুষ এভাবে কথোপকথনের মাধ্যমে চিন্তা করে না; বরং তাদের মন ছবি আঁকে বা আরও বিমূর্তভাবে চিন্তার ছক আঁকে। অনলাইন পরীক্ষা-নিরীক্ষা করেই কেটেছে আমার গবেষণার প্রথম মাস।
তারপর এল মস্তিষ্কের ভেতরের সংকেতের সঙ্গে সংযোগ দেওয়ার পালা। কোভিডের জন্য আমরা নতুন কারও মস্তিষ্ক স্ক্যান করছিলাম না। কিন্তু বিগত বছরে করা প্রায় হাজারখানেক স্ক্যান আমাদের ডেটাবেইসে ছিল। কিন্তু সেগুলো তো আমাদের পরীক্ষা–নিরীক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়। তাই গবেষণার দ্বিতীয় অংশ ছিল সেই স্ক্যানগুলোকে সাজানো এবং তাদের টাইম সিরিজ বের করার প্রসেস করা।
এখানে একটা সমস্যা দেখা দিল। আমাদের ফলাফল আগের গবেষণার ফলাফলের সঙ্গে মিলছিল না। তাই বলে তো গবেষণা বন্ধ করে দেওয়া যায় না! গণিত অলিম্পিয়াড থেকে রপ্ত করা দক্ষতা এখানে প্রয়োগ করলাম, বিভিন্নভাবে সমাধান বের করার চেষ্টা করলাম। সেই প্রক্রিয়া এখনো চলছে। অতএব মনের কথার সঙ্গে মস্তিষ্কে ভাষার প্রক্রিয়াকরণের সম্পর্ক কী, সেটা এখনই আপনাদের জানাতে পারছি না।
শুরুতে শঙ্কিত ছিলাম, অনলাইনে গবেষণা কেমন হবে। কিন্তু যেহেতু আমার কাজের জন্য ল্যাবে যেতে হয়নি, তাই অনেক স্বাচ্ছন্দ্যেই গবেষণার কাজ করে যেতে পেরেছি। গবেষণার তত্ত্বাবধায়কের সঙ্গে নিয়মিত অনলাইনে যোগাযোগ রেখেছি আর চেষ্টা করেছি একটা নির্দিষ্ট সময়সূচি মেনে চলতে। ফলে কাজে যথেষ্ট মনোযোগ দিতে পেরেছি, আবার নিজের বিনোদনের জন্যও কিছু সময় বরাদ্দ ছিল।
মিস করেছি ল্যাবের পরিবেশ
নিশাত ফাহমিদা প্রত্যাশা
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্র
আমি প্রথম গবেষণায় যোগ দেওয়ার সুযোগ পাই এমআইটিতে আসার পর। এখন পর্যন্ত দুটি গবেষণা দলের সঙ্গে কাজ করেছি। দুটি অভিজ্ঞতাই ছিল অসাধারণ। এমআইটির প্রায় সব শিক্ষার্থীই স্নাতক পর্যায়ে স্নাতক গবেষণা প্রকল্পের মাধ্যমে গবেষণা শুরু করে দেন। দ্বিতীয় দলটির সঙ্গে আমি কাজ শুরু করেছি এ বছরের জুন মাসে। এই সেমিস্টারেও আমাদের কাজ চলছে। সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে (এলএইচসি) হ্যাড্রনের সংঘর্ষে উৎপন্ন হওয়া জেট অ্যানালাইসিস করার জন্য মেশিন লার্নিং পদ্ধতি তৈরি করা নিয়ে আমার এ প্রকল্প। কাজটির ক্ষেত্র পদার্থবিজ্ঞান হলেও আমার কাজ ছিল মূলত কোড তৈরি করা এবং কীভাবে কাজটি আরও কার্যকরভাবে করা যায়, তা বের করা।
এই মহামারির সময়ে সামার সেমিস্টারে এত জটিল একটা কাজ ঘরে বসে করা আমার জন্য ছিল একটা নতুন অভিজ্ঞতা। এমআইটির সব ডর্ম মার্চ মাসে বন্ধ করে দেওয়ার পরও আমি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ডর্মেই ছিলাম। কাজটা কম্পিউটারভিত্তিক হওয়ায় ডর্মে একরকম বন্দী থেকে কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ঘরের পরিবেশ আর গবেষণাগারের পরিবেশ তো এক নয়। ল্যাবে সবার সঙ্গে কথা বলে, আলোচনা করে কাজ করাটা মিস করেছি খুব। তবু বলব, গবেষণার মধ্য দিয়ে সামারটা আমার মন্দ কাটেনি।
গবেষণার সঙ্গে থাকা আমার স্নাতকজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আশা করছি, ভবিষ্যতে আরও দারুণ সব প্রকল্পে যুক্ত হতে পারব।
সমস্যা সমাধানে অ্যাড্রেনালিন হ্রাস
তওসীফ আহসান
প্রিন্সটন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
প্রিন্সটন প্লাজমা ফিজিকস ল্যাবরেটরিতে এ বছর আমি সামার সেমিস্টারে গবেষণা শুরু করি, এখনো সেটা চালিয়ে যাচ্ছি। নিউক্লিয়ার ফিউশনকেন্দ্রিক গবেষণা ছিল আমাদের দলের লক্ষ্য।
আমাদের ল্যাবে প্লাজমা–সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রিন্সটন ফিল্ড-রিভার্সড কনফিগারেশন–২ বা পিএফআরসি-২ নামে একটি যন্ত্র আছে। প্লাজমা নির্গত হওয়ার সময় চুম্বকীয় ক্ষেত্রে বাধা পেলে যে এক্স-রে নির্গত হয়, আমার কাজ ছিল সেটি বিশ্লেষণ করা। তাত্ত্বিক উপাত্তের সঙ্গে পরীক্ষায় প্রাপ্ত উপাত্ত মিলিয়ে আমি দেখছিলাম, কোথাও অসামঞ্জস্য আছে কি না। আমি, আমার গবেষণার তত্ত্বাবধায়ক স্যাম কোহেন ও চার্লস সোয়ানসম অবশেষে তিন সপ্তাহ আগে সমস্যাটার সমাধান করতে পেরেছি।
এখন আমরা গবেষণাটি জার্নালে প্রকাশ করার জন্য কাজ করছি। গবেষণার পর নিজের অনুমান বা হাইপোথিসিসের সঙ্গে প্রাপ্ত উপাত্ত মিলে গেলে যে কী আনন্দ হয়, সেটা যিনি এ অভিজ্ঞতার ভেতর দিয়ে যাননি, তাঁকে বোঝানো খুব কঠিন। সহজ করে বললে, অনেক কষ্ট করে একটা সমস্যা সমাধান করতে পারলে যে অ্যাড্রেনালিন হ্রাস হয়, অনেকটা সে রকম।
আমার কাছে গবেষণায় সবচেয়ে আনন্দের বিষয় ছিল বিভিন্ন আইডিয়া পরখ করে দেখা। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের ধারণা ভুল, কিন্তু আইডিয়া ভাবার প্রক্রিয়ার মধ্যেও আনন্দ আছে। স্কুলে পড়ার সময় এ আনন্দের অভাব বোধ করছিলাম। আমাদের দেশের একটা বড় সমস্যা হলো, হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার সুযোগের অভাব। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার অভিজ্ঞতা নেওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন সামার স্কুল বা গবেষণা প্রতিষ্ঠানে (যেমন সার্ন) আবেদন করতে পারে। করোনাভাইরাস মহামারির সময় এ পদক্ষেপ নেওয়া কিছুটা কঠিন হতে পারে। তবে এবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনলাইনে গবেষণা করতে খুব একটা সমস্যা হয়নি। যেহেতু অনলাইনে গবেষণার অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়েছে, অনেক প্রতিষ্ঠান নিশ্চয়ই দক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এর সঙ্গে যুক্ত করতে চাইবে। এ সুযোগও কাজে লাগানো যায়।
তারা নিয়ে গবেষণা
ইশতিয়াক আকিব
কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরিয়া
জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের হাউস অব অ্যাস্ট্রোনমিতে গবেষণায় অংশ নিয়েছিলাম আমি। গায়া নামের একটি স্পেস টেলিস্কোপ ক্রমাগত মহাবিশ্বের বিভিন্ন অংশের আলো বিশ্লেষণ করে উপাত্ত সংগ্রহ করছে। আমাদের গবেষণার উদ্দেশ্য ছিল এই নতুন উপাত্ত থেকে শেফালি বিষমতারার (সিফিয়েড ভেরিয়েবল স্টার) প্রকৃতি পুনরায় যাচাই করা।
আমাদের তারা, সূর্য সব সময় একই রকম আলো দেয়। কেননা সূর্যের ক্ষেত্রে কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনে সৃষ্ট আলোর বহির্মুখী চাপ এবং সূর্যের বিপুল ভরের কারণে অন্তর্মুখী চাপ মিলে সাম্যাবস্থা তৈরি হয়। বেশির ভাগ তারার ক্ষেত্রেই এ সাম্যাবস্থা থাকে। কিন্তু কিছু কিছু তারায় নিউক্লিয়ার ফিউশনে হিলিয়ামের আয়নিত অবস্থা ভিন্ন হয়ে সাম্যাবস্থা নস্ট হয়ে যায়। ফলে তারাটি আকারে নিয়মিত ছোট–বড় হতে থাকে এবং উজ্জ্বলতাও কমবেশি হতে থাকে। কোনো শেফালি বিষমতারার উজ্জ্বলতা এভাবে কত দ্রুত পরিবর্তিত হয়, তা নির্ভর করে সেই তারার প্রকৃত উজ্জ্বলতার ওপর। তাই এই তারাগুলো থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে প্রাপ্ত প্রকৃত উজ্জ্বলতার সঙ্গে পৃথিবী থেকে দেখা উজ্জ্বলতা মিলিয়ে আমরা দূরত্ব বের করে ফেলতে পারি। এভাবেই বের করা হয়েছে মিল্কিওয়ের বাইরের ছায়াপথগুলোর দূরত্ব।
গবেষণায় দেখতে পাই, গায়া স্যাটেলাইটের দ্বিতীয় দফার উপাত্ত ব্যবহার করে প্রকৃত উজ্জ্বলতা ও দূরত্বের সম্পর্ক বের করতে গেলে বেশ কিছু অসামঞ্জস্য পাওয়া যায়। আমাদের অনুমান ছিল, সম্ভবত এই তারাগুলোর পর্যায়কাল নির্ধারণে কোনো সমস্যা হয়েছিল। গবেষণার সময় অনেক কম ছিল বলে সুনির্দিষ্ট কারণটি আমরা নির্ণয় করতে না পারলেও বিষয়টি গায়া স্যাটেলাইটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জানিয়েছিলাম।
এমন উপাত্তনির্ভর গবেষণার ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের থেকে প্রোগ্রামিং ব্যবহার করে উপাত্ত বিশ্লেষণ করার দক্ষতাই অনেক সময় বেশি জরুরি। তাই যাঁরা গবেষণায় আগ্রহী, তাঁদের অবশ্যই সাধারণ পড়ালেখার সঙ্গে বিজ্ঞানভিত্তিক প্রোগ্রামিং চর্চা করা উচিত।
আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ খুবই কম হলেও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে, তাঁদের পরামর্শ নিয়ে গবেষণার দক্ষতা উন্নত করা খুব জরুরি। এ ছাড়া প্রতিবছর গ্রীষ্মে বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ‘সামার ইন্টার্নশিপ’ নামে এক-দুই মাসব্যাপী গবেষণার সুযোগ দেয়। আর স্কুল–কলেজের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস নামে একটি চমৎকার আয়োজন হয়ে আসছে আট বছর ধরে। সেখানেও নিশ্চয়ই আমাদের দেশের ছেলেমেয়েরা অংশ নিতে পারে।