কালো গাউন পরা স্নাতকদের লম্বা লাইন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের এলাকায়। প্রায় তিন হাজার শিক্ষার্থীর জীবনে বসন্তের এই সকাল এসেছে অন্য রকম এক বার্তা নিয়ে। তাঁরা আজ গ্রহণ করবেন শিক্ষাজীবনের স্বীকৃতির সনদ। স্নাতকদের পদচারণে মুখরিত হচ্ছে সম্মেলন কেন্দ্র ও আশপাশের এলাকা।স্নাতকদের একটি দল যেখানে যাঁকে পাচ্ছে, তাঁকে সঙ্গে নিয়ে ছবি তুলছে। শিক্ষক, অভিভাবক কিংবা সহপাঠী বন্ধু সবার সঙ্গে সমানভাবে ভাগ করে নিচ্ছে শিক্ষা সমাপনী উৎসব। তাঁদের মধ্যে শোয়েব চাকরি করছেন একটি বস্ত্র প্রকৌশল প্রতিষ্ঠানে। সানজানা এখন ভাবছেন না চাকরি নিয়ে। বললেন, এমবিএ করে চাকরি শুরুর কথা। এহসান আর সুরভি আপাতত কিছুই ভাবছেন না এসব নিয়ে।গত ২৬ ফেব্রুয়ারি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনের দিনটা ছিল অনেকটা এমনই।মাত্র অনার্স শেষ করেছেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী আইরিন, লাবণী ও মিমু। তাঁরা ব্যস্ত ছবি তোলায়।সারা দিন সমাবর্তনের এ আয়োজনে নানা পর্বে উল্লসিত শিক্ষার্থীদের যে কাজটি বেশি করতে দেখা গেছে, তা হলো ছবি তোলা। শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও অভিভাবকদেরও দেখা গেছে ছবি তোলার ব্যস্ততায়।বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকেই বন্ধুত্ব হয়েছিল আরিফ ও আইরিনের মধ্যে। আজও অটুট রয়েছে সেই বন্ধুত্ব। অনেক দিন পর সমাবর্তনে এসে দেখা হয়েছে তাঁদের। জমে থাকা নানা গল্প শুরু করেছেন তাঁরা। খুনসুটিও কম হচ্ছে না। ফেলে আসা পুরোনো কথা মনে করে হেসেই যাচ্ছেন তাঁরা।আলী আকবর খান (এমবিএ), আবদুল্লাহ আল মামুন (সিএসই), নারায়ণ রঞ্জন চৌধুরী (সিএসই), মোহাম্মদ ওমর ফারুক (সিএসই)—এই চার শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ব্যবসায় ও অর্থনীতি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের তিন শাখায় মোট তিন হাজার ২১১ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এই সমাবর্তনে।সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান ও উপাচার্য লুৎফর রহমান।সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী ব্রাত্য বসু।বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাবর্তনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যখন বাড়ি ফেরার পালা, ঠিক তখনই রাস্তার পাশে অপেক্ষায় ছিলেন অনেকের অভিভাবক। সম্মেলনকেন্দ্রের বাইরে থেকেও তাঁদের অনেক আনন্দ। কারণ, প্রিয়মুখ আজ মেতেছে শিক্ষা সমাপনী আয়োজনে।