আহা, জগন্নাথের সেই বৃষ্টিভেজা দিনগুলো!
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্যাম্পাসে ফেরা হয় না অনেকদিন হলো। কীভাবে সময় কাটছে, ক্যাম্পাসের কী মিস করছেন—লিখে পাঠাতে পারেন আপনিও। ইমেইলে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।
‘একগুচ্ছ কদম হাতে, ভিজতে চাই তোমার সাথে...’
গানের এই কথাগুলো ইদানীং খুব ভাবায়। যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাঁদের সবার কাছেই ক্যাম্পাস বড় প্রিয় জায়গা। হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের পদচারণ যে ক্যাম্পাসের প্রাণ। কিন্তু মহামারির ভয়াল থাবায় আমাদের ক্যাম্পাসগুলো এখনো নিষ্প্রাণ হয়ে আছে। থমকে আছে জীবন।
সময়টা এমন ছিল না, সে কথা এখন নিজেকে বারবার মনে করিয়ে দিই। কলেজ শেষ করে নেমেছিলাম ভর্তিযুদ্ধে। অনেক প্রতিযোগিতার পর জায়গা হয়েছিল প্রাণের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
এত কষ্টের পর যে ক্যাম্পাসে পা রাখার সুযোগ পেয়েছিলাম, সে সুযোগের সদ্ব্যবহার অনেকাংশেই করা গেল না এই দীর্ঘ বিচ্ছেদের কারণে। কথা ছিল বুড়িগঙ্গাপাড়ের এই ক্যাম্পাস চষে বেড়াব, আড্ডা দেব শান্ত চত্বর, কাঁঠালতলা আর টিএসসিতে। লাইব্রেরিতে বই পড়ব, সেমিনারে দল বেঁধে অংশ নেব। এত সব স্বপ্ন অনেকটা বিষাদে পরিণত করল মহামারি করোনা।
ক্যাম্পাসে দুই মাস সময় যেতে না যেতেই আসে ছুটির ঘোষণা। অল্প সময়ে যেটুকু স্মৃতি জমা হয়েছে, এখন অবসরে সেগুলোই মনে পড়ে বারবার। ক্যাম্পাসে কাটানো দিনগুলোতে পেয়েছিলাম একটু বৃষ্টির পরশ। বৃষ্টির সময় কোলাহলপূর্ণ ঢাকায় এক টুকরো স্বস্তি নেমে আসে জগন্নাথের বুকে।
বৃষ্টির প্রতি ফোঁটায় মিশে থাকে ক্যাম্পাসের প্রাণ শিক্ষার্থীদের সুখ-দুঃখ, হাসি-আনন্দ, রাগ-অভিমান। বৃষ্টি এলেই আমরা দাপিয়ে বেড়াতাম পুরো প্রাঙ্গণে। বন্ধুরা মিলে কাদাজলে একাকার হয়ে প্রলয় নৃত্য করা সেই দিনগুলো আজ স্মৃতি। দেখতে দেখতে দুটি বর্ষা চলে গেল, ক্যাম্পাসে ফেরা হলো না। জগন্নাথের সেই চিরচেনা রূপ দেখি না আজ কত দিন।
কবে সুস্থ হবে পৃথিবী আর কবে ফিরবে সেই প্রাণ। ক্যাম্পাসের বাতাসে মাস্ক ছাড়াই লম্বা করে দম নেওয়ার অপেক্ষায় আছি।