আহা টক মিষ্টি ঝাল
আচারের বিচার করতে এসেছেন অভিনয়শিল্পী অপি করিম। একটা আচার খেয়ে একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বলে ফেললেন, ‘এ আচারটা একদম আমার মায়ের বানানো আচারের মতো মনে হচ্ছে!’এমনই নানা সব মজার ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ১৩তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতার বিচারকাজ।১৩ এপ্রিল ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত বাছাইয়ের জন্য ১১ জন বিচারক শুরু করেন তাঁদের বিশ্লেষণ। এবার বিচারক হিসেবে ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, ফ্যাশন ডিজাইনার মায়া রহমান, রান্নাবিদ শাহানা পারভীন, অভিনয়শিল্পী অপি করিম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবিদা সুলতানা, অভিনয় ও নৃত্যশিল্পী নাদিয়া, রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন, উপস্থাপক মুনমুন, সংগীতশিল্পী কোনাল ও নির্ঝর এবং মডেল রাখী। এক বসাতেই ৪৮ পদের আচার খাওয়া। এটা তো যে সে ব্যাপার নয়। মিষ্টি আচার সবাই খুব মজা করে খেয়েছেন। বিপত্তি দেখা গেল ঝাল আচার খেতে গিয়ে। রাখী কোনো কথাই বলতে পারছিলেন না। এত ঝাল আচার নাকি এর আগে কমই খেয়েছেন। কিন্তু বিচার তো করতেই হবে। তাই নাকের পানি চোখের পানি এক করে প্রতিটি আচার খেয়েছেন। অপি অবশ্য আগেই বলেছেন মিষ্টি আচারই তাঁর প্রিয়। তাঁর সঙ্গে মিলে গেল মায়া রহমান, আবিদা সুলতানার পছন্দও।কাকে বেশি নম্বর দেবেন এ নিয়ে কোনাল, নির্ঝর আর নাদিয়া বেশ দ্বিধান্বিত ছিলেন। মুনমুন তাঁদের সঙ্গে সম্মতি দিয়ে বলে ফেললেন, আগে যেটি খেয়েছি, তখন মনে হয়েছে সেটিই সেরা। পরেরগুলো খেয়ে মনে হচ্ছে, এগুলো তো আরও ভালো। কঠিন হয়ে যাচ্ছে বিচারকাজ। কোনালের মতে, একটি আচারের চেয়ে আরেকটি যেন বেশি বেশি ভালো। শুরুতে সবাইকে বিচারকাজ কীভাবে করতে হবে সে বিষয়ে ধারণা দেন লায়লা আরজুমান্দ বানু। বিচারের ফাঁকে সবাইকে বিনোদন দিতে ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি গেয়ে শোনান নির্ঝর। তাঁদের হাসি-ঠাট্টায় আনন্দময় হয়ে ওঠে পুরো পরিবেশ। সবশেষে চলে তাঁদের নিজেদের ছবি তোলা।