আহ্! এমন দিন যেন ফিরে আসে বারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গানে আনন্দময় হয়ে ওঠে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অংশ নেয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা l প্রথম আলো
শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গানে আনন্দময় হয়ে ওঠে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। এতে অংশ নেয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা l প্রথম আলো

চারপাশ থেকে ভেসে আসছে নানা আবেগঘন শব্দ—‘বন্ধু কী খবর,’ ‘কত দিন পর,’ ‘আয় আয়, বুকে আয়’। ফেলে আসা দিনের বন্ধুকে কাছে পেয়ে সেকি উচ্ছ্বাস তঁাদের। স্মৃতির ঝাঁপি খুলে সেই দিনগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা। পথের ধারে ফুচকা-চটপটি খাওয়া কিংবা ছুটির দিনে দলবেঁধে ছুট; কত্ত কী! বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছিল সবাই। বিভিন্ন দলে ভাগ হয়ে চলতে থাকল ম্যারাথন আড্ডা। হাসি-আনন্দ আর হইহুল্লোড়ে অন্য রকম দিন।
এমন আনন্দ আয়োজন বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে। গত রোববার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বসে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণের মেলা।
ধরা যাক মুমতাহিনা, সামানা ও নুশরাত করিমের কথা। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এই তিন বন্ধুর একে অপরের সঙ্গে দেখা দুই বছর পর। বন্ধুকে কাছে পেয়ে কথার যেন খই ফুটছে মুখে। কত কথা যে জমা ছিল বন্ধুর জন্য! শুধু এই তিনজন নয়, ১৯৯৫ সাল থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর একই অবস্থা।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানটিতে পুরোটাজুড়েই ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নাচগান ও আনন্দের হইহুল্লোড়। মাঝে ছিল কথামালা ও স্মৃতিচারণা। শুরুতে মঞ্চে উঠে আসেন অধ্যক্ষ নাদের বানু বেগম। তিনি বললেন, তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস ও সততা। আদর্শে অবিচল থাকার পরামর্শ দিয়ে তিনি ছাত্রদের দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার উদাহরণ টানেন। তিনি বলেন, ‘যৌবনের পুরোটা সময় কারাগারে কাটিয়েও নিজের মত ও আদর্শ থেকে তিনি সরে দাঁড়াননি। তোমরা সব সময় এ রকম মহান ত্যাগী মানুষের কথা মনে রেখে নিজের জীবন সাজাবে।’ বিদ্যালয়ের পরিচালক ফারাহ আহমেদও বক্তব্য দেন। অন্যদের মধ্যে স্মৃতিচারণা করেন স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাফিসা আহমেদ ও সাদমান রেজা। এ ছাড়া বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর ধারণ করা ভিডিও চিত্রের মাধ্যমে জানায় তাদের বিদ্যালয় জীবনের স্মৃতি।
শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব ছিল বেশ উপভোগ্য। গানের সঙ্গে নেচেগেয়ে তারা জানান দিয়েছে দেশাত্মবোধ। আবার হাল আমলের জনপ্রিয় বাংলা, ইংরেজিসহ নানা ভাষার গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছে যেন পুরো মিলনায়তন।
অবশেষে ফেরার পালা। সবার মুখে এক কথা—‘আহ্! এমন দিন যেন ফিরে আসে বারবার’।