আহ্ টক!
গরমে টক স্বাদের তরকারি বা চাটনির তুলনা নেই। দেখে নিন শাহানা পারভীনের দেওয়া রেসিপিগুলো।

লেবুর কাজী
উপকরণ: লেবুর রস ৪ টেবিল চামচ, পানি ১ কাপ, কাঁচা মরিচ মিহি কুচি ১টি, রসুন কুচি ১ কোয়া, সরিষার তেল ১ চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গরম ভাতের সঙ্গে লেবুর কাজী
পরিবেশন করুন।

তেঁতুলের চাটনি
উপকরণ: তেঁতুল ১ কেজি, আখের গুড় ২ কাপ, সরিষার তেল ১ কাপ, পাঁচফোড়ন ২ চা-চামচ, লবঙ্গ ৪টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, শুকনো মরিচ টেলে গুঁড়া করে নেওয়া ৭ থেকে ৮টি, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ২ চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: তেঁতুল পরিষ্কার করে এবং ধুয়ে ২ কাপ পানি দিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। সব মসলা আলাদা টেলে গুঁড়া করে নিন। তেঁতুল চালুনিতে ছেনে নিয়ে বিচি ফেলে দিন। গুড় দিয়ে তেঁতুল জ্বাল দিন ৫ থেকে ৭ মিনিট। পানি শুকিয়ে এলে সরিষার তেল দিয়ে ঘন ঘন নাড়ুন। এবার সব গুঁড়া মসলা দিয়ে নামিয়ে নিন। বড় ট্রেতে রোদে দিয়ে বোতলে ভরে তেঁতুলের চাটনি অনেক দিন রাখা যায়।

কাঁচা আমের স্কোয়াস
উপকরণ: কাঁচা আম কুচি ১ কাপ, চিনি ১ কাপ, ঠান্ডা পানি ৪ গ্লাস, বিট লবণ সামান্য, বরফ কুচি প্রয়োজনমতো।
প্রণালি: বরফ কুচি ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

পাকা টমেটোর খাট্টা
উপকরণ: পাকা টমেটো ৫০০ গ্রাম, ছোট চিংড়ি আধা কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ২-৩টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, লবঙ্গ ৪-৫টি।
প্রণালি: টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজবাটা, রসুনবাটা, জিরাবাটা, লবণ, চিংড়ি, হলুদ গুঁড়া, তেজপাতা ও সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে পাকা টমেটো দিন। একটু কষে পরিমাণমতো পানি দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন পাকা টমেটোর খাট্টা।

আলুতে চালতার টক
উপকরণ: চালতা ছোট টুকরা ১ কাপ, সেদ্ধ করে চটকানো মিষ্টি আলু ২ কাপ, পানি ৪ থেকে ৫ কাপ, হলুদের গুঁড়া সামান্য, কাঁচা মরিচ
ফালি ২টি, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ।
প্রণালি: সসপ্যানে আলু ও পানি দিয়ে নেড়ে নিন। তারপর হলুদের গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদাবাটা ও লবণ দিয়ে জ্বাল দিন। পানি ফুটে গেলে তাতে চালতার টুকরাগুলো দিন। চালতা সেদ্ধ হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আরও ২ কাপ পানি দেওয়া যেতে পারে। সবশেষে তেলে পাঁচফোড়ন দিয়ে চালতার টকে ফোড়ন দিয়ে নামিয়ে নিন।

টোপা কুলে শজনে ডাল
উপকরণ: শুকনো বরই (টোপা কুল) ১০ থেকে ১২টি, শজনে ডাঁটা ১ কাপ, মুগ বা মসুর ডাল ১ কাপ, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ সামান্য, কাঁচা মরিচ ফালি ২টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, আস্ত সরিষা ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: বরই ধুয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। ডাল ধুয়ে ৫ কাপ পানি দিয়ে সসপ্যানে চুলায় বসিয়ে দিন। তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, তেজপাতা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে শজনে ডাঁটা দিন এবং সেদ্ধ হলে টোপা কুলগুলো একটু ফাটিয়ে দিন। যেন ডাল একটু টক টক হয়। সবশেষে অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে ডালে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।