নগরের কর্ণফুলী থানার ফকিরনীর হাট থেকে আনোয়ারার শিকলবাহার চৌমুহনী পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরে ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে দক্ষিণ চট্টগ্রামের পাঁচ উপজেলার সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হওয়ায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওই সড়ক দিয়ে এসব যান চলাচল করে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ওয়াই জংশন থেকে চৌমুহনী পর্যন্ত আধা কিলোমিটার অংশ দিয়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যানবাহন চলাচল করে না। এ সময় আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, পেকুয়া ও সাতকানিয়া উপজেলার সিএনজিচালিত অটোরিকশাগুলো ফকিরনীর হাট হয়ে শিকলবাহা চৌমুহনী দিয়ে মইজ্জারটেক এলাকায় যায়। ফলে ওই সড়কের ওপর চাপ বেড়ে যায়। এতে অপ্রশস্ত এই গ্রামীণ সড়ক খানাখন্দে ভরে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ফকিরনীর হাট থেকে শিকলবাহা চৌমুহনী পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকায় দক্ষিণ শিকলবাহা, দরগাহপাড়া ও মধ্যম শিকলবাহা এলাকা খানাখন্দে ভরে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওই সব এলাকায় কাদা জমে যায়। ফলে যানজট তীব্র আকার ধারণ করে।
চালকেরা জানান, খানাখন্দের কারণে এ সড়ক চলাচলের সময় যানবাহনের গতি কমে যায়। ফলে সীমাহীন যানজটের সৃষ্টি হয় সড়কে। অটোরিকশার চালক ছাবুদ আলী (৫২) বলেন, ‘বেহাল হয়ে পড়া ফকিরনীর হাট থেকে শিকলবাহা চৌমুহনী পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সিএনজিচালক ও যাত্রীদের ভোগান্তির সীমা থাকে না। সড়কে নরকযন্ত্রণা ভোগ করতে করতে চলাচল করতে হয় আমাদের।’
এ ব্যাপারে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ফকিরনীর হাট থেকে শিকলবাহা চৌমুহনী পর্যন্ত সড়কের অবস্থা ভীষণ বেহাল। তাই এখনো সরকারি কোনো বরাদ্দ না পেলেও আমি নিজ উদ্যোগে সড়কটি মেরামত করব।’