আড়াই দশকেও সংস্কার হয়নি ছন্দরিয়া খালের ভাঙনে বেহাল হয়ে পড়া বোয়ালখালীর খ্রিষ্টানপাড়া সড়ক। এক কিলোমিটার দীর্ঘ ইট বিছানো সরু এই সড়কের এক– তৃতীয়াংশ খালের ভাঙনে বিলীন হয়ে পড়েছে। এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী পৌর সদরের নয়া রাস্তার মাথা থেকে আইস ফ্যাক্টরি পর্যন্ত এক কিলোমিটারজুড়ে খ্রিষ্টানপাড়া সড়কটির অবস্থান। সড়কের নয়া রাস্তার মাথার একাংশ খালে পুরোপুরি বিলীন হয়ে গেছে। নির্মাণের সময় সড়কের প্রশস্থতা ১০ ফুট থাকলেও এখন বেশির ভাগ স্থানের প্রশস্থতা দুই থেকে তিন ফুট। খ্রিষ্টানপাড়ার বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটি বেহাল হয়ে পড়ায় তাঁরা একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পূর্ব গোমদণ্ডী ও পশ্চিম গোমদণ্ডী গ্রামের মানুষজনও এই সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯২ সালে গ্রামীণ এই সড়কে ইট বিছানোর পর সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল শুরু করে। তবে বেহাল এই সড়কে এখন হেঁটেই যাতায়াত করে মানুষজন। দেড় দশকেরও বেশি সময় আগে পাশ দিয়ে বয়ে যাওয়া ছন্দরিয়া খালের ভাঙনে সড়কটির এই দশা হয়। খালের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে সড়কটি পুরোপুরি বিলীন হয়ে যাবে—এমন আশঙ্কা এলাকার বাসিন্দাদের।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেকব কুইয়া বলেন, এ সড়ক দিয়ে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করতে গিয়ে ঝুঁকি নিচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর মো. জুয়েল বলেন, এটা ব্যয়বহুল কাজ। খালের পাশের মাটি ভরাট করে এ সড়ক চলাচলের উপযোগী করতে হবে।
পৌর মেয়র আবুল কালাম আবু বলেন, ‘চেষ্টা করছি জলবায়ু তহবিল থেকে বরাদ্দ নিয়ে সড়কটি সংস্কার শুরু করার। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যত দ্রুত সম্ভব এ সড়ক সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে।’