আড়াই বছরেও গেল না বোয়ালগাঁওবাসীর কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বোয়ালগাঁও গ্রামের একমাত্র সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আড়াই বছর ধরে। কাঠের এ সেতুটি নিয়ে এলাকাবাসীর কষ্টের সীমা নেই। তার পরও মেরামতের উদ্যোগ নিচ্ছে না কেউ। উপজেলা সদরের এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত সদর ইউনিয়ন আনোয়ারারই একটি গ্রাম বোয়ালগাঁও। গ্রামের মানুষের বাজার-সওদাসহ অন্যান্য কারণে যেতে হয় আনোয়ারা সদরে। আর যাতায়াতের একমাত্র ভরসা কাঠের পাটাতন দিয়ে তৈরি এই সেতুটিই। ২০১০ সালের এপ্রিলে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এখনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর জন্য চরম ভোগান্তি এলাকাবাসীর। কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, কারও বিয়ে বা পূজা-পার্বণে এলাকাবাসীকে দুই কিলোমিটার পথ ঘুরে শোলকাটা দিয়ে যাতায়াত করতে হয়। এ নিয়ে এলাকাবাসীর মনে অসন্তোষের শেষ নেই। সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই সেতু দিয়ে বোয়ালগাঁও, শোলকাটা, ধানপুরা, শিলাইগড়া গ্রামের পাঁচ শতাধিক শিক্ষার্থী আনোয়ারা ডিগ্রি কলেজ, আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়, আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়, আনোয়ারা অগ্রযাত্রা রেজি. প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে নিয়মিত তারা যাতায়াত করে থাকে। গ্রামটির ১০ হাজারেরও বেশি বাসিন্দা সেতুর করুণ অবস্থার কারণে কষ্ট পাচ্ছে। বর্তমানে সেতুর তক্তা ভেঙে খালে পড়ে গেছে। সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন তো দূরের কথা, হেঁটে পার হওয়াটাও কষ্টসাধ্য ব্যাপার। তবু ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে জনগণ। বোয়ালগাঁওয়ের বৃদ্ধা মনোরমা জানান, ‘আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ধস নেমেছে। আড়াই বছর আগে সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও এখনো মেরামত না হওয়ায় সীমাহীন কষ্ট হচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের দেখার কেউ নেই।’ আনোয়ারা সদরের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ প্রথম আলোকে বলেন, বোয়ালগাঁওয়ের সেতুটি শিগগির মেরামত করে যাতায়াতের উপযোগী করা হবে। তা ছাড়া সেতুটি পাকা করার পরিকল্পনাও রয়েছে।আনোয়ারার উপজেলা প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে জানান, বোয়ালগাঁও সেতুর ব্যাপারে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেতুটি পাকা করা হবে।