আড়াই শ মুরগির খামারে অবৈধ বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে আড়াই শতাধিক মুরগির খামারে অবৈধ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ চুরি করা হচ্ছে। এতে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি বিকল হচ্ছে ট্রান্সফরমার। স্থানীয় লোকজনের অভিযোগ, পল্লী বিদ্যুতের একশ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজশে খামারিরা বিদ্যুৎ চুরি করছেন। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের ৫১১টি শিল্পসংযোগ রয়েছে। এর মধ্যে কতটি মুরগির খামারে অবৈধ বিদ্যুৎ-সংযোগ আছে, তার সঠিক তথ্য তাদের কাছে নেই। তবে আড়াই শ মুরগির খামারে বিদ্যুৎ-সংযোগ রয়েছে। অন্য দিকে আনোয়ারা প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্রমতে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট-বড় ৪৪০টি ব্রয়লার ও ২০টি লেয়ার মুরগির খামার আছে। সে হিসাবে অবশিষ্ট দুই শতাধিক মুরগির খামারে বিদ্যুৎ-সংযোগ নেই। আর এসব খামারে আবাসিক-সংযোগ থেকে পার্শ্ব-সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন খামারিরা। বারখাইন এলাকার বিদ্যুৎ গ্রাহক আবদুস সালাম অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতকারকেরা বিল করতে এলে তাঁদের হাতে বিভিন্ন অঙ্কের টাকা গুজে দেন অবৈধ সংযোগ স্থাপনকারীরা।সাধারণ গ্রাহকেরা জানান, দিনের বেলায় বাড়ি থেকে দেওয়া পার্শ্ব-সংযোগ ছাড়াও অনেকে সন্ধ্যার পর পল্লী বিদ্যুতের প্রধান লাইনে হুক লাগিয়ে বিদ্যুৎ চুরি করেন। আনোয়ারা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলিয়ে ৪৪০টি ব্রয়লার ও ২০টির মতো লেয়ার মুরগির খামার আছে। আর সব কটি খামারেই বিদ্যুৎ দিয়ে কাজ চালাচ্ছেন খামারিরা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির (১) পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী পার্শ্ব-সংযোগ ও রাতে হুকিং করে খামারিদের বিদ্যুৎ ব্যবহার করার কথা স্বীকার করে বলেন, ‘টাকা নিয়ে সুবিধা আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পার্শ্ব-সংযোগ বন্ধের ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’ পল্লী বিদ্যুৎ সমিতির আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘এখন মিটার দেওয়া হচ্ছে। তাই অজুহাত দেখিয়ে পার্শ্ব-সংযোগ নেওয়ার সুবিধা আর থাকবে না।’ পল্লী বিদ্যুতের কর্মীদের টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’