আয় বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ভাটিয়ারীর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি। তিন দিন ধরে চলছে অবিরাম শ্রাবণঢল। পিচঢালা মসৃণ রাস্তা, মখমলের মতো। উঁচু-নিচু, কিন্তু শহরের রাস্তার মতো এবড়োখেবড়ো নয়। আমি চলেছি শীতাতপনিয়ন্ত্রিত আরামদায়ক গাড়িতে করে। তবু যন্ত্রটা বন্ধ রেখে জানালার কাচ নামিয়ে বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছি। বৃষ্টির ছাট এসে চোখে-মুখে পড়ছে। চাইছি না বৃষ্টি আর আমার মাঝখানে কোনো বাধা থাকুক। পাহাড়ে বৃষ্টি আমার কাছে অপরিচিত কোনো দৃশ্য নয়। তবু প্রতিবার যেন এই সৌন্দর্য নতুন করে, নতুন রূপে ধরা দেয়। এখানে শহরের মতো জমে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা পানি নেই। যত দূর চোখ যায় বৃষ্টির স্পর্শে বাঙ্ময় হয়ে ওঠা প্রাণবন্ত সবুজ আর টইটম্বুর হয়ে ওঠা হ্রদগুলোর থই থই করা পানি। ভাটিয়ারীর সৌন্দর্য আর বর্ষার সৌন্দর্য, দুটোকে আলাদা করতে পারছি না কিছুতেই। বরং সবুজ পাহাড়, হ্রদ আর বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে তৈরি করেছে অবর্ণনীয় অপার্থিব এক সৌন্দর্য। আর আমি দেখতে দেখতে বারবার ফিরে যাচ্ছি সেই পুরোনো সময়ে। কী দুর্বিনীত আর দুর্দান্তই না ছিল সেই সব দিন! তুমুল বৃষ্টি মাথায় নিয়ে চিরচেনা শহুরে রাস্তায় হেঁটে চলা কিংবা রিকশার হুড ফেলে বীরদর্পে ভিজতে ভিজতে যাওয়া। আরও পেছনে ফিরে তাকালে দেখতে পাই, ঝুম বৃষ্টিতে কলেজিয়েট স্কুলের মাঠ দাপিয়ে বেড়ানো আর বালুমাখা ফুটবলে লাথি মারা। সময় খুঁড়ে এই রকম আরও কতশত স্মৃতি যে বের করে আনা যাবে! গাড়ির নরম গদিতে বসে বসে ভাবছি আর চোখের সামনে একের পর এক দৃশ্যগুলো ভেসে উঠছে।
হঠাৎ বার্ধক্য টের পাই মনে। বুঝতে পারি সেই সব দিন আর কখনো ফিরে আসবে না। চাইলেও যখন-তখন নেমে যেতে পারব না ঝুম বৃষ্টিতে। বাঁধভাঙা কোনো আবেগ এসে পেছন থেকে ধাক্কা দিয়েও নামিয়ে দেবে না। তখন ঝাপসা হয়ে আসে দৃষ্টি। বৃষ্টির পানি এসে চোখে পড়ে, নাকি অন্য কিছু, ঠিক বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারি, বেশ অভ্যস্ত হয়ে উঠছি বাঁধাধরা কেতাদুরস্ত জীবনযাপনে। এ-ও বুঝতে পারি, দামি জুতো পায়ে আর পকেটে দামি মোবাইল ফোন নিয়ে বৃষ্টিতে ভিজতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। ভাটিয়ারীর পথ ছেড়ে গাড়ি এখন সীতাকুণ্ড মহাসড়কে এসে পৌঁছেছে। চারপাশে দ্রুতবেগে বড় বড় গতিদানবের চলাচল দেখে আর তাদের বিকট শব্দ শুনে সম্মোহন কেটে যেতে খুব বেশি সময় লাগে না। মনকে প্রবোধ দিই, বৃষ্টির যেমন নিজস্ব সৌন্দর্য আছে, বয়সেরও তেমনি নিজস্ব একটা সৌন্দর্য আছে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যেও কি জীবনের সার্থকতা নেই? বয়স আর পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি। মন্দ কী? আর বৃষ্টিতে ভিজতে না পারি, কিন্তু দেখার সৌন্দর্য থেকে নিজেকে বঞ্চিত করব কেন? শরীর না হয় নাই-বা ভেজালাম, মনটাকে তো ভিজিয়ে নিই।
তানভীর হোসাইন
চট্টগ্রাম।