আয় বেড়েছে উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দোহাজারী বাজার প্রতিবছর নিলাম দিয়ে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় করলেও বাজারের কোনো সংস্কার হচ্ছে না। এতে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবর্জনা ও ময়লা পানি ঠেলে বাজার করতে হয় ক্রেতাদের। নেই কোনো গণশৌচাগার ও টিউবওয়েল। বাজারের রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টি হলেই কাদা ও পানি জমে যায়।জানা যায়, উপজেলা প্রশাসন প্রতিবছর দরপত্র আহ্বানের মাধ্যমে বাজার নিলামে দেয়। চলতি বছর ১৮ লাখ ৪০ হাজার টাকায় এই বাজার নিলাম হয়। গত বছরের চেয়ে বাজারের নিলাম বেড়েছে প্রায় ৫ লাখ টাকা। নিলাম বৃদ্ধি পেলেও বাজারের কোনো রকম উন্নয়ন করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। দোহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, ‘বাজার নিলাম দিয়ে সরকার প্রতিবছর রাজস্ব আয় করলেও এ পর্যন্ত দোহাজারী বাজারের কোনো উন্নয়ন হয়নি।’ ব্যবসায়ী কবির আহমদ জানান, ‘বাজারে মাছ বিক্রির জন্য কোনো ছাউনি তৈরি করা হয়নি। এ ছাড়া এখানে ইটের রাস্তা, টিউবওয়েল ও গণশৌচাগারও নির্মাণ করা জরুরি।’ এ ব্যাপারে দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেন, ‘বাজারের সংস্কার খুব জরুরি হয়ে পড়েছে।’ তিনি বাজারের উন্নয়নের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছেন বলেও জানান। চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালিদ মেহেদী হাসান বলেন, ‘দোহাজারী বাজারের উন্নয়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’