আয় বেড়েছে সাড়ে ২৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার ও পণ্য পরিবহনের পরিমাণ বাড়ায় চট্টগ্রাম বন্দরের আয় ক্রমবর্ধমান হারে বাড়ছে। আগের বছরের তুলনায় সদ্য শেষ হওয়া অর্থবছরে (২০১০-১১) বন্দরের আয় বেড়েছে সাড়ে ২৩ শতাংশ। এই বৃদ্ধির হার গত ১৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৭-০৮ অর্থবছরে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৭ দশমিক ৩৫ শতাংশ আয় বেড়েছিল। আয় বাড়লেও নানা খাতে বন্দরের ব্যয় বেশি হয়। এ কারণে প্রকৃত আয় কমে আসে বলে জানা যায়। বন্দর সূত্র জানায়, সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দর আয় করেছে মোট এক হাজার ৪২৩ কোটি টাকা। এর মধ্যে পরিচালন কর্মকাণ্ড থেকে আয় হয় এক হাজার ৩৬১ কোটি টাকা। আয়ের বাকি টাকা এসেছে বন্দরের জায়গা ভাড়া ও অন্যান্য খাত থেকে।২০০৯-১০ অর্থবছরে বন্দর আয় করেছিল এক হাজার ১৫২ কোটি টাকা। অর্থাৎ এবার আগের বছরের তুলনায় আয় বেড়েছে ২৭১ কোটি টাকা। খরচের হিসাবে দেখা যায়, এবার বন্দরের আয় থেকে করপোরেট কর দেওয়া হয়েছে ৩৩০ কোটি টাকা। এ ছাড়া সরকারি কোষাগারে জমা দেওয়া হয় ৫০ কোটি টাকা এবং করপোরেশনের কর ২৮ কোটি টাকা। অর্থাৎ ৪০৮ কোটি টাকাই জমা দেওয়া হয়েছে কর ও অবদান বাবদ। এ ছাড়া বেতন ও অধিকাল ভাতা, পরিচালন কর্মকাণ্ডসহ মোট রাজস্ব ব্যয় হয়েছে ৯২৭ কোটি টাকা। অর্থাৎ সদ্য সমাপ্ত অর্থবছরে এক হাজার ৪২৩ কোটি টাকা আয়ের বিপরীতে বন্দরের ব্যয় হয়েছে এক হাজার ৩৩৫ কোটি টাকা। বন্দর সূত্রে জানা গেছে, সদ্য অর্থবছরে বন্দর দিয়ে ১৪ লাখ ৬৮ হাজার ইউনিট কনটেইনার ওঠা-নামা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় আড়াই লাখ ইউনিট কনটেইনার বেশি। একইভাবে, পণ্য ওঠা-নামাও বেড়েছে। জাহাজ চলাচল, কনটেইনার ও পণ্য ওঠা-নামা এবং সংরক্ষণ খাতে বন্দরের আয় বেশি হয়। বন্দর চেয়ারম্যান কমডোর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আয় বাড়লেও এবার একসঙ্গে বন্দরের অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ কারণে ব্যয়ও বাড়ছে। তবে বড় প্রকল্পগুলো বাস্তবায়ন শেষে প্রকৃত আয় অনেক বাড়বে বলে তিনি মন্তব্য করেন। বেতন-ভাতায় সাড়ে সাত শতাংশ: এবার চট্টগ্রাম বন্দরের আয়ের সাত দশমিক ৬৫ শতাংশ ব্যয় হয়েছে বেতন-ভাতায়। গত অর্থবছরে বন্দরের প্রশাসনিক ও পরিচালন খাতে বেতন-ভাতা ও অধিকাল ভাতায় ব্যয় হয়েছে প্রায় ১০৯ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে ব্যয় হয় সাড়ে ৯৬ কোটি টাকা। সেবার বন্দরের মোট আয়ের ৮ দশমিক ৩৯ শতাংশ বেতন-ভাতা বাবদ ব্যয় হয়েছিল।