আয় হতে পারে ডিভি লটারির মৌসুমে
অন্যান্য বছরের মতো এ বছরও অভিবাসন ভিসা (ডাইভারসিটি ভিসা—ডিভি) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। যাঁরা যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী, তাঁদের জন্য দারুণ এক সুযোগ হতে পারে এটি। আবেদনকারীদের মধ্য থেকে এই ভিসা দেওয়া হবে লটারির মাধ্যমে। ভিসার আবেদন করতে হবে ইন্টারনেটে নির্দিষ্ট ওয়েবসাইটের (www.dvlottery.state.gov) মাধ্যমে। প্রতিবারই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ডিভি লটারির জন্য আবেদন করেন। বেশ ক’বছর ধরেই ডিভি লটারি ইলেট্রনিক উপায়ে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পূরণ করতে হয়। এ দেশে বেশির ভাগ মানুষেরই নিজস্ব কম্পিউটার বা ইন্টারনেট নেই। তাই অনেকেই সাইবার ক্যাফে, কোনো কম্পিউটার কেন্দ্রে বা অন্যের মাধ্যমে ডিভি লটারির ফরম পূরণ করেন ছবি যোগ করে।এই সুযোগ কাজে লাগিয়ে এ সময় আপনিও শুরু করতে পারেন ডিভি লটারির আবেদনপত্র পূরণের মৌসুমি ব্যবসা। ৫ অক্টোবর থেকে ইন্টারনেটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা শুরু হয়ে গেছে। চলবে আগামী ৩ নভেম্বর রাত ১১টা পর্যন্ত। কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার এবং আরও কিছু যন্ত্রপাতি আর প্রয়োজনীয় দক্ষতা থাকলে এ সময় ভালোই আয় করা যায় ডিভি লটারির আবেদনপত্র পূরণ করে। এ ছাড়া সাইবার ক্যাফে থাকলে সেখানেও বিশেষ আয়োজন করা যায়। ডিভি লটারির আবেদনের জন্য নির্দিষ্ট মাপ ও মানের ডিজিটাল ছবি তোলার ব্যবসাটাও করা যাবে এ সময়ে।বুঝে নিন কাজের ধরন ডিভি লটারির মাধ্যমে দীর্ঘদিন ধরে অভিবাসন ভিসা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর জন্য আবেদন করতে হয় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটে আবেদনপত্র পূরণ করাই হবে আপনার কাজ। ঢাকার টেক পার্ক সাইবার ক্যাফের স্বত্ব্বাধিকারী আশফাকউদ্দিন বললেন, মৌসুমি এই আয় করতে চাইলে কম্পিউটার, ইন্টারনেট ও ডিভি লটারির আবেদনপত্র পূরণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ ছাড়া অভিজ্ঞ কারও কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এ কাজ শুরু করা যায়। তবে অবশ্যই প্রতিটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার ওপর জোর দিলেন আশফাকউদ্দিন। এ কাজ শুরু করতে খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না, তবে বিষয়গত দক্ষতাই বেশি প্রয়োজন। ফরম পূরণ করতে হবে ডিভি লটারির নিয়ম মেনে, নিখুঁতভাবে। এখনই শুরু করুন ডিভি ফরম পূরণ করে আয় করতে চাইলে এখনই তা শুরু করার উপযুক্ত সময়। বিভিন্ন স্থানে ইতিমধ্যে এটি শুরু হয়ে গেছে। মূলত যাঁদের ফোন, ফ্যাক্স ও কম্পিউটার কম্পোজের দোকান আছে, তাঁরা তো বটেই, একেবারে নতুনভাবেও এই উদ্যোগ শুরু করতে পারেন। এ ছাড়া যাঁদের ডিজিটাল স্টুডিও আছে, তাঁরা এ ব্যবসা শুরুর ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারেন। এমনকি বাসায় বসেও শুরু করা যেতে পারে এই ব্যবসা। এখন অনেকের বাসায়ই ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার রয়েছে। আর ইন্টারনেট সংযোগ না থাকলে নতুন সংযোগ নিয়েও আপনি শুরু করতে পারেন এ কাজ। এ জন্য একটি স্ক্যানারও লাগবে।পরিচিত মহল কিংবা আশপাশের লোকজনই হতে পারে আপনার গ্রাহক। এ কাজের প্রচারের জন্য বিজ্ঞাপন হিসেবে পোস্টার তৈরি করে আশপাশের এলাকায় লাগিয়ে দিলেই এটি অনেকের নজরে আসবে। এভাবেই শুরু হতে পারে এই মৌসুমি আয়ের কাজ-কারবার।শুরু করবেন যেভাবেডিভি লটারি ফরম পূরণ করে আয় করার এ কাজ শুরু করতে আপনাকে খুব বেশি বিনিয়োগ বা বেগ পোহাতে হবে না। এ কাজে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, এ জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে, তা হলো ইন্টারনেট-সংযুক্ত একটি কম্পিউটার। মডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে পারেন বা নিজ এলাকায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট থাকলে এক মাসের জন্য এর সংযোগ নিয়েও শুরু করা যাবে এ কাজ। ঢাকার বাইরে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট নেই, সেখানেও হতে পারে এই ব্যবসা। বিভিন্ন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এখন মোবাইল ফোনে ইন্টারনেটের সুবিধা দিচ্ছে। সেখানে মডেমের সাহায্যে আপনি সহজেই এ কাজ শুরু করতে পারেন। এ ছাড়া ছবি থেকে ছবি স্ক্যান করার জন্য একটি স্ক্যানার আর কনফার্মেশন লেটার প্রিন্ট করার জন্য একটি প্রিন্টারও প্রয়োজন হবে। আর ডিজিটাল ক্যামেরা থাকলে ছবি তোলার কাজটাও করা যাবে অতি সহজে। দরকার প্রয়োজনীয় দক্ষতামৌসুমি এ আয়ের কাজ শুরু করার জন্য প্রথমেই এ-সংক্রন্ত বেশ কিছু বিষয়ে দক্ষতারও প্রয়োজন আছে। বিশেষ করে কম্পিউটার চালানো জানতে তো হবেই, এ ক্ষেত্রে পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারও জানতে হবে। ছবি স্ক্যান করার পাশাপাশি ফটোশপের কাজটা শিখে নিন। এটি তেমন কঠিন কোনো বিষয় নয়। সহায়তার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের দারস্থ হোন। কয়েকবার হাতে-কলমে জেনে নিলেই এসব কাজ একদম সহজ হবে। ডিজিটাল ক্যামেরায় নিজে ছবি তুলতে গেলেও প্রয়োজন আছে দক্ষতার। ডিভির ফরম পূরণ করার সময় ছবির ওপর বেশি গুরুত্ব দিতে হবে। স্টুডিও পদ্মার স্বত্বাধিকারী ও আলোকচিত্রী আক্কাস মাহমুদ জানান, শুধু ছবির ত্রুটি থাকার কারণে পুরো আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে, তাই এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে। তিনি জানান, নিয়ম অনুযায়ী ছবির সাইজ ২’’×২’’, ৬০০×৬০০ পিক্সেল সর্বোচ্চ ১২৮ কিলোবাইট ও সর্বোচ্চ ৩০০ রেজ্যুল্যেশন হতে হবে। এ ছাড়া ছবিটি যেন সরাসরি সামনে তাকানো এবং এর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, এটা লক্ষ রাখতে হবে। মোটকথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিভি আবেদনের জন্য যে নিয়মকানুন দিয়েছে, তা পুরোপুরি মেনে ঠিকঠাকমতো ছবি তুলতে হবে এবং সঠিক মাপে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে বলে জানান আক্কাস মাহমুদ। এ কাজে যথাযথভাবে সহায়তা করতে নিয়মাবলি সংগ্রহ করে ভালোভাবে পড়ে দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন। এ বিষয়ে বুঝতে কোনো ধরনের সমস্যা মনে করলে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিতে পারেন। নির্বাচন করুন উপযুক্ত স্থানডিভি লটারির আবেদনপত্র পূরণ করে আয়ের জন্য স্থান নির্বাচন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ কাজ শুরুর সময় দেখতে হবে, আপনি যেখানে ব্যবসা শুরু করতে চাইছেন, ওই স্থানটি এ ব্যবসার জন্য কতটা উপযুক্ত। সহজেই মানুষ আসতে পারে এবং বেশি মানুষ চলাচল করে এমন একটি স্থান বা রাস্তার আশপাশের একটি স্থান নির্বাচন করলে ভালো হয়। এ ছাড়া কোনো এলাকায় ঢোকার মুখে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে—এমন একটি স্থানও নির্বাচন করতে পারেন এ কাজের জন্য। পাশাপাশি আরও কিছুমৌসুমি আয়ের মাধ্যমে হিসেবে ডিভি লটারির আবেদনপত্র পূরণের পাশাপাশি একই স্থানে কম্পিউটারের ছোটখাটো যন্ত্রাংশ বিক্রি, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট, স্ক্যানিং, সিডি রাইট, ছবি তোলা প্রভৃতি কাজ করা যেতে পারে। তা ছাড়া সাইবার ক্যাফে হলেও ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন গ্রাহক আসবেন। এ থেকেও ভালো আয় করা যাবে। এভাবে এক মৌসুমে একটি আয়ের পথ থেকেই অনেক ধরনের আয় করতে পারেন আপনি। আবার ভবিষ্যতেও এই উদ্যোগকে আরও বড় করে তুলতে পারবেন।