আয়না আসবাব
অন্দরসজ্জায় দেয়ালজুড়ে আয়নার ব্যবহার বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠছে। তবে ইদানীং যে বিষয়ে নতুনত্ব দেখা যাচ্ছে তা হলো, আয়নার নিচে থাকা নান্দনিক সব আসবাবের আয়োজন। কোনোটা হয়তো আয়নার নিচে যুক্ত হচ্ছে প্রয়োজনে, আবার কোনোটা বাড়াচ্ছে ঘরের নান্দনিকতা। সবাই এখন ছিমছাম আসবাবের দিকে ঝুঁকছে। যাতে কাজটাও হয়, আবার ঘরের সাজে যুক্ত হয় নান্দনিকতা। আর এই দুটো বিষয়কে সংযুক্ত করতে গিয়ে অন্দরসজ্জায় যুক্ত হচ্ছে নানা রকম নান্দনিক সব অনুষঙ্গের আয়োজন।
ছিমছাম ফিট আসবাব ঘরের সৌন্দর্য বাড়ায় বলে মনে করেন নাসরীন হক। এ কারণে ভারী কোনো আসবাব নয়, তাঁর বাসার প্রতিটি কোণেই দেখা যায় ছিমছাম আসবাবের আয়োজন। প্রায় প্রতিটি শোবার ঘরেই আছে আয়নার ব্যবহার। জানালেন, ভারী ড্রেসিং টেবিল তাঁর কখনোই পছন্দ নয়। আবার এদিকে সাজতে বসলেও দরকার ছোট ছোট কিছু জিনিসের। এসব দিক ভেবেই তিনি আয়নার নিচে জুড়ে দিয়েছেন ছোট ছোট কিছু আসবাব। এই যেমন কখনো টুল উল্টে দেয়ালে জোড়া দিয়ে বানিয়েছেন ড্রয়ার আবার কোনো ঘরে দিয়েছেন ছোট্ট কাঠের র্যাক। চাইলে ঘরের এমন আয়োজনে আয়নার নিচে মেঝেতে রাখতে পারেন ছোট শতরঞ্জি। বসার টুলটি হতে পারে একটু ব্যতিক্রম, কখনো–বা হাতে আঁকা টুল আবার কখনো ছোট বেঞ্চের আয়োজন।
শোবার ঘর ছাড়া অন্যান্য ঘরে আয়না দিয়ে সাজালে তার নিচের অংশটুকু ফাঁকাই রয়ে যায়। সেই ফাঁকা জায়গায় রাখতে পারেন নানা রকম ডেকোরেটিভ টুল। যেমন করেছেন অন্দরসজ্জাবিদ সাবিহা কুমু। কালো কাঠ বোর্ডের টুলের ওপর সাদা কাচ, নিচে নানা রঙের সাদা পাথর। নানা রকম পাত্রে রাখা হয়েছে গাছ, দেয়ালজুড়ে রাখা মাটির টেরাকোটা আয়নাটি পুরো বাসার মধ্যে করে নিয়েছে তার নিজস্ব অবস্থান। সিঁড়িঘরে গ্লাস পেইন্ট আয়না লাগানোর পরও কেমন জানি জানি ফাঁকা লাগছিল সাইদা আহমেদের। সিঁড়িঘরের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে গাছের তাক রাখলেন। মনে হলো পুরো সিঁড়িঘর পেল পরিপূর্ণতা। এদিকে অ্যান্টিকের জিনিস বরাবরই পছন্দ রূপ বিশেষজ্ঞ বাপন রহমানের। অন্দরসজ্জাও নিয়েও কাজ করছেন তিনি। ঘরের দেয়ালে রাখা আয়নায় অ্যান্টিকের আবহ আনতে জুড়ে দিয়েছেন রডের ফ্রেম। নিচে রেখেছেন ভিন্টেজ লুকের ক্রোকারিজ কেবিনেট। কেবিনেটের ওপরে রাখা ল্যাম্পশেডের আলো ঘরের এই স্থানটুকুয় এনেছে আভিজাত্য।
অন্দরসজ্জা নিয়ে এখন সবাই সচেতন। যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়েই সবাই এখন ঘরে আনতে চায় একটু ব্যতিক্রম ভাব। এই জন্য অন্দরসজ্জায় আসে প্রতিনিয়ত পরিবর্তন। এই ধরনের ব্যতিক্রমী আসবাবের আরেকটি সুবিধা হলো, এতে বজায় থাকে ঘরের স্বতন্ত্র বৈশিষ্ট্য। মিলে যায় না একজনের সঙ্গে আরেকজনের অন্দরসাজের ভাষা।