আয়নায় সাজবে ঘর
‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে...’, গানের কথাগুলো আমাদের বুঝিয়ে দেয় নিজের অবয়ব দেখতে আয়নার কদর কতখানি। নিজের চেহারার গড়ন সম্পর্কে প্রত্যেকেই অবগত হলেও আয়নায় নিজেকে দুবেলা দেখা যেন রোজকার কাজ। তবে অন্যকে সাজাতে ব্যবহূত এই আয়নাটি কখনো বা নিজেই সেজে ওঠে কোনো ঘরের দেয়ালজুড়ে। হয়তো গুমোট কোনো ঘরের পুরো পরিবেশই বদলে যাবে নান্দনিক এক আয়নার ব্যবহারে। তবে কোন ঘরে কীভাবে আয়নার ব্যবহার করবেন, তা নিয়ে কিছু পরামর্শ দেন অন্দরসজ্জাবিদেরা। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের কর্ণধার ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘আজকাল ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হিসেবে আয়নার ব্যবহার হচ্ছে। তবে আয়নাটা ঘরে সাঁটানোর আগে মনে রাখতে হবে, তা কোন ঘরের জন্য লাগানো হচ্ছে। ওই ঘরের আসবাব আর রং কেমন। আয়না ঘরের প্রবেশদ্বার থেকে শুরু করে অন্দরের বেশ কিছু জায়গায় লাগানো যেতে পারে। তবে ঠিক ঢোকার মুখে আয়না না লাগানোই ভালো। এতে ঘরে ঢুকে হঠাৎ নিজের অবয়ব দেখে অনেকেই চমকে উঠতে পারেন।’ তাই আয়নাটা সামনের দেয়ালে না লাগিয়ে পাশের দেয়ালে লাগানোর পরামর্শ দেন তিনি। এতে যিনি ঘরে ঢুকছেন বা বাইরে যাচ্ছেন, এক ঝলকে নিজেকে দেখে নিতে পারছেন, চাইলে নিজেকে একটু গুছিয়েও নিতে পারেন। আর এই আয়নাটা হতে হবে আকারে একটু বড় এবং খানিকটা লম্বাটে।বসার ঘর বা ড্রয়িংরুমের জন্য ব্যবহূত আয়নাগুলো গোল, লম্বাটে, আয়তাকার বা ত্রিকোনা—যেকোনো আকারের হতে পারে। তবে এই আয়নাগুলো কারুকার্যখচিত বা হ্যান্ডপেইন্টের হলেই ভালো। কক্ষের দেয়ালের রং যদি কালচে ধরনের হয়, তবে আয়নার ফ্রেমটা উজ্জ্বল বর্ণের হলে দেয়ালে ফুটবে বেশ। আর বসার ঘরের জন্য কাঠের সঙ্গে পিতল বা তামার কাজ করা আয়না হলে বেশি নান্দনিক লাগে। অনেকে চাইলে কেবল একটা আয়না নয়, কোনাকুনি করে তিনটা আয়না লাগাতে পারেন। বসার ঘরটাকে বেশি উজ্জ্বল দেখতে চাইলে জানালার বিপরীত দিকে বা আলোর নিচে আয়না লাগানো যায়। এতে আলোর প্রতিফলনে ঘরটা আরও উজ্জ্বল মনে হয়।খাবারঘরের জন্য একাধিক আয়না না লাগিয়ে একটা লাগানোই ভালো। তবে ঘরটাকে বড় দেখাতে খাবারের টেবিলের সমান্তরালে আয়না ব্যবহার করা যেতে পারে। এতে ঘরের আকারও বড় মনে হবে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার প্যাসেজে সরু আয়না লাগানো যেতে পারে। অন্যদিকে শোবার ঘরেও আয়না ব্যবহার করা যায় কয়েকভাবে। শোবার ঘরে বড় আকারের আলমারিতে ইচ্ছা করলে আয়না ব্যবহার করা যায়। এ ছাড়া দেয়ালেও বেশ কিছু জায়গায় আয়না লাগানো যেতে পারে। ছবির ফ্রেমের মতো বিছানায় মাথার কাছে আয়না লাগানো যায়। আবার শোয়া থেকে উঠে অনেকে বিছানায় বসেই নিজেকে আয়নায় দেখতে পছন্দ করেন। তবে শোবার ঘরের আয়নাগুলো পূর্ণ অবয়ব দেখার জন্য যেন লাগানো হয়। তবে এখানেও অনেকে খুঁজে ফেরেন নান্দনিকতার ছোঁয়া—এমনটিই মনে করেন ডিজাইনার গুলশান নাসরিন। তিনি বলেন, ‘আজকালকার বাড়িগুলোতে পিলারের ব্যবহার বেশি। বাথরুমে ঢোকার মুখের পিলারে একটা সরু আয়না লাগানো যেতে পারে। ঠিক এর পাশেই লাগানো যেতে পারে হয়তো ছোট কোনো গাছ। চাইলে এই আয়নার ওপর স্পট লাইটও লাগাতে পারেন। এতে ঘর হবে আলোকোজ্জ্বল।আয়নাটা রড, লোহা, পিতল, তামা, বাঁশ, বেত, কাঠের গুঁড়ি, মাটি অথবা কাগজের ফ্রেম, যেটির ওপরই হোক না কেন, অবশ্যই তা বাকি আসবাবের সঙ্গে মানানসই হতে হবে।’ঢাকার বেশ কিছু ফ্যাশন হাউসে পাওয়া যাবে এসব নান্দনিক আয়না। এ ছাড়া যাত্রা, আড়ং, আজিজ সুপার মার্কেটের ভার্টিক্যাল, আইডিয়াস, পিরান, আসাদ গেটের আইডিয়া ক্র্যাফটে আছে ঘর সাজানোর আয়নার বিপুল সমাহার। নকশা ও আকারভেদে আয়নাগুলোর দাম ভিন্ন হয়ে থাকে। কৃতজ্ঞতা: আইডিয়া ক্র্যাফটস ও যাত্রা