আয়নায় নিজেকে চেনার আনন্দ
বিদ্যালয়ে ঢোকার মুখে একটি বিশাল আয়না। সেই আয়নার সামনে একে একে এসে দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা। কেউ মাথায় হাত বুলিয়ে চুল পরিপাটি করায় ব্যস্ত, কেউ বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজের মুখ। আয়নায় মুখ দেখতে দেখতেই হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে।গত মঙ্গলবার সকালে নগরের পাঠানটুলী খান সাহেব সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় এই দৃশ্য।কেবল খান সাহেব বিদ্যালয় নয় নগরের ডবলমুরিং থানার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয়েছে এ ধরনের আয়না। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগের কারণ কী? জানা গেল, প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী নিজেদের পোশাক-আশাক, চালচলনের ব্যাপারে খুব একটা সচেতন হয় না। আবার আর্থিক অবস্থা ও পারিবারিক পরিবেশের কারণেও অনেকে বিদ্যালয়ে পরিপাটি হয়ে আসতে অভ্যস্ত নয়। আর এসব কিছু মাথায় রেখে আয়না বসানোর উদ্যোগ নেওয়া হয়। যাতে একটি শিশু প্রতিদিন আয়নায় নিজেকে দেখে নতুন করে নিজেকে আবিষ্কারের সুযোগ পায়, তার ভেতর নিজেকে সুন্দর করে মেলে ধরার ইচ্ছেটা জেগে ওঠে। ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা মো. তসলিম হোসেন ২০১০ সালের প্রথম দিকে তাঁর থানার আওতাধীন ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়না বসানোর পরিকল্পনা নেন। তাঁর মতে, শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসার সময়ে আয়নায় নিজের মুখ দেখার সুযোগ পেলে তাদের মধ্যে নিজেকে গুছিয়ে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে। শুধু পরিচ্ছন্ন হয়ে চলার পরামর্শ দিয়ে তাদের যত না বদলানো যাবে আয়না তার চেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে। পাঠানটুলির খান সাহেব সরকারি বালক উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাহিম আক্তার ও প্রান্তিক সিংহ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামাকাপড় গুছিয়ে নিচ্ছিল। সেদিকে তাকাতেই খানিকটা লজ্জা পেয়ে আয়নার সামনে থেকে সরে আসে ওরা। আয়নার সামনে কী করছ—প্রশ্ন করলে তারা বলে, ‘চুল ঠিক আছে কি না দেখছিলাম।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বানু বলেন, ‘আগে আমরা শিশুদের পরিচ্ছন্ন হয়ে চলার কথা বললেও তেমন কাজ হতো না। কিন্তু আয়না বসানোর পর থেকে স্কুলে এসে এখন তারা নিজেরাই নিজেদের গুছিয়ে নিচ্ছে।’ আগ্রাবাদ শিশুনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম ও মো. ইকবাল হোসেন বলে, ‘আমরা প্রতিদিনই স্কুলে এসে আয়নার সামনে দাঁড়াই। চুল, জামাকাপড় ঠিক করি, তারপর ক্লাসে ঢুকি।’