আয়রে আয় পায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবুতরের পায়ে মোজার মতো পালক দেখে অনেকে অবাক বিস্ময়ে তাকাচ্ছেন। ফোলানো বলের মতো গলার কবুতর দেখে টোকা দিয়ে দেখার চেষ্টা করছেন ভেতরে বাতাস আছে কি না! মায়ের কোলের শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধও হাজির হয়েছেন এখানে। হাঁকাচ্ছেন দাম। কিনছেন কবুতর। ছড়ার নোটন নোটন পায়রাগুলির মতো বিচিত্র এসব পায়রা মুক্ত নয়। খাঁচায় বন্দী হয়ে এসেছে এই হাটে। হাটের পাশাপাশি প্রদর্শনীও চলছিল সেখানে। ১ সেপ্টেম্বর এমনই এক ব্যতিক্রমী হাটের যাত্রা শুরু হলো ঢাকার মিরপুরে। এই হাটে যেমন উঠেছে দেশীয় গিরিবাজ কবুতর, তেমনি উঠেছে বিদেশি নানা জাতের কবুতর। এমন কবুতরও এসেছিল, যেটাকে টেকনাফ থেকে ছেড়ে দিলে তিন-চার ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছানোর হিম্মত রাখে! পথ হারানো দূরে থাক, পথের ক্লান্তিও তাকে ছুঁতে পারবে না। এভাবে উড়ে চলা কবুতরকে ডাকা হয় ব্লু-রেসার নামে। এ তো গেল উড়তে পারা কবুতরের কথা। এমন কবুতরও হাটে এসেছিল, যার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে, অথচ ভালোভাবে উড়তেই পারে না। এই যেমন বোখারা নামের কবুতরের কথাই ধরা যাক। খুব বেশি উড়তে পারে না এই কবুতর। দামের হিসাবে ওপরের দিকে থাকা এই কবুতর পালতে প্রতি এক জোড়ার জন্য মাসে ৩০০ থেকে ৫০০ টাকা খরচ করতে হয়। এ কারণেই কবুতর পালন এখন আর শখের মধ্যে সীমাবদ্ধ নেই। চেষ্টা করা হচ্ছে বাণিজ্যিক রূপ দেওয়ার। শুধু কবুতর পালন করেই স্বাবলম্বী হচ্ছেন অনেকে। বাড়তি উপার্জনও হচ্ছে শখের বশে পোষা কবুতরপ্রেমীদের। হাটে বসে কথা হলো বাণিজ্যিকভাবে কবুতর পালনকারী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অনেক দিন ধরেই তিনি দেশি কবুতর পালন করছেন। বর্তমানে তার প্রায় ২০০ জোড়া কবুতর রয়েছে। প্রতি মাসে কমপক্ষে ১০০ থেকে ১৫০ জোড়া বাচ্চা দেয়। এই বাচ্চা বিক্রি করে কবুতর লালন-পালন আর বাড়িভাড়া উঠে আসার পর বেশ ভালো টাকা লাভ থাকে। এই ‘ভালো টাকা’র পরিমাণ কেমন, তা জানতে চাইলে তিনি বললেন, ‘এইটা বলতে পারব না। তবে গত কয়েক বছরে কবুতর লালন-পালন করে আমি গ্রামের বাড়িতে তিন কাঠা জায়গা কিনেছি। কবুতর আমাকে অনেক দিয়েছে, ভাই।’আনোয়ারের মতো এমন অনেকেই আছেন, যাঁরা হাজির হয়েছিলেন রাজধানীর মিরপুরের ১৪ নম্বরের বটতলায় (১ নম্বর বিল্ডিংয়ের পাশে) কবুতরের হাটে। এনেছিলেন শখের কবুতর। হাটের প্রথম দিন উপলক্ষে আয়োজন করা হয় একটি প্রদর্শনীর। বাংলাদেশ ফেন্সি পিজিওন ব্রিডার্স অ্যাসোসিয়েশন ও বটতলা হাট কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ কবুতরের হাট ও প্রদর্শনীতে ছিল কবুতরপ্রেমীদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীতে ছিল কালো পটার, সিরাজি, লক্ষ্যা, হলুদ জেকোবিলম, ব্লু কিং, সাদা কিং, হলুদ পটার, ব্লু পটার, সাদা বোখারাসহ নানা জাতের কবুতর। ভিন্নধর্মী এ আয়োজন উদ্বোধন করতে এসে চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ বললেন, কবুতর পালন তরুণ প্রজন্মকে মাদক বা নেশার হাত থেকে দূরে রাখার অন্যতম একটি হাতিয়ার। কারণ, এটি একটি নেশা, একই সঙ্গে লাভজনকও। তরুণ প্রজন্মকে যদি বিষয়টি সম্পর্কে ভালোমতো বোঝানো যায়, তা হলে কবুতর পালনকে বাণিজ্যিক রূপ দেওয়া যাবে এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। পরে তিনি এক ঝাঁক পায়রা উড়িয়ে হাটটির উদ্বোধন ঘোষণা করেন।নতুন যাত্রা শুরু করা বটতলা কবুতর হাটের সাধারণ সম্পাদক রুহুল আমিন বললেন, ‘ঢাকায় কবুতরের একটাই হাট। সেটা হলো ঠাটারীবাজারে। কিন্তু সেখানে খুব ভিড় হয় এবং পরিবেশও অতটা ভালো নয়। তাই মিরপুর ও নতুন ঢাকার শৌখিন কবুতর পালনকারী ব্যক্তিরা মিলে হাটটির চালু করলাম। প্রতি শনিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত হাটটি চলবে। এখানে কবুতরপ্রেমীদের মিলনমেলা ঘটবে বলে আশা করছি।’এই হাটের সহযোগী আয়োজক বাংলাদেশ ফেন্সি পিজিওন ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কোরেশী মো. তানভীর হাসান বলেন, ‘এ দেশের আবহাওয়া কবুতর পালনের জন্য অনেক উপযোগী। কিন্ত আমরা কবুতর পালনে অনেক পিছিয়ে আছি। অথচ বিশ্বের অনেক দেশই কবুতর পালন করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সরকারিভাবে একটু সহযোগিতা পেলে কবুতর পালনকে বাণিজ্যিক রূপ দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হব। ’শখের কবুতরকবুতরের হাট ঘুরে দেখ গেল, প্রায় দেড় শ প্রজাতির কবুতর এসেছে হাটে। তবে সব কবুতর বিক্রির জন্য আনা হয়নি। কবুতর পালনে আগ্রহী করতে শৌখিন কবুতর পালনকারী ব্যক্তিরা উন্নত জাতের অনেক কবুতর হাটে প্রদর্শন করতে এনেছেন।বটতলার হাটে সবচেয়ে দামি কবুতর হিসেবে প্রদর্শিত হয়েছে তুর্কিস্তান থেকে আনা বোখারা কবুতর। কথা হয় হলুদ রঙের এই কবুতরের পালনকারী মাহফুজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এই কবুতর খুব বেশি উড়তে পারে না। তবে দেখতে খুব সুন্দর। মাথাভর্তি পশমে পুরো মুখ ঢাকা থাকে। উন্নত প্রজাতির এই কবুতর দেশে অল্প কয়েকজন পালন করে। বড় আকারের বোখারা কবুতরের একেক জোড়ার দামই দেড় থেকে দুই লাখ টাকা।দামি অন্যান্য কবুতরের মধ্যে হাটে উঠেছিল ৭০ হাজার টাকা দামের জার্মানির ব্লু পটার কবুতর। একই দেশের স্ট্রেচার কবুতরের দাম ৪০ হাজার টাকা। তবে বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন প্রজাতি ও রঙের কবুতর দাম ছিল ৫০০ থেকে ২০ হাজার টাকার মধ্যে। ভারত থেকে আনা ময়ূরের মতো পেখম মেলে থাকা লক্ষ্যা কবুতর এক জোড়ার দাম পাঁচ হাজার টাকা। তবে দামের তারতম্য হয় কবুতরের রংভেদে।ছবি: হোমায়েদ ইসহাক